শিরোনাম
◈ বঙ্গভবনে সপরিবারে উঠলেন নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ ঢাকা থেকে চট্টগ্রাম, ট্যুরিস্ট ভিসার আড়ালে বাংলাদেশে অপরাধের নেটওয়ার্ক গড়ছেন চীনা নাগরিকরা ◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা ◈ রাজধানীতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ◈ আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল ◈ রাজনৈতিক মতাদর্শ নয়, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৬:৩৭ বিকাল
আপডেট : ২৩ আগস্ট, ২০২৬, ০৬:৪৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, আসামি সাড়ে চারশত

হারুন-অর-রশীদ, ​ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর সদর উপজেলার গোলজার মন্ডলের ডাঙ্গী এলাকায় পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান, গাড়ি ভাঙচুর ও আসামি ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে সাড়ে চারশত জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় পূর্বশত্রুতার জের ধরে গোলজার মন্ডলের ডাঙ্গী এলাকার রাজা মিয়ার বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা ও ভাঙচুর চালায়। এ সময় পরিবারের সদস্যদের ঘরের ভেতরে অবরুদ্ধ করে রাখা হয়। ভুক্তভোগীরা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করে পুলিশের সহায়তা চান।

​সংবাদ পেয়ে কোতোয়ালী থানার এসআই (নিরস্ত্র) মো. মাসুদ আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে রাজা মিয়ার একতলা বাড়ির জানালার গ্লাস ও সিসি ক্যামেরা ভাঙচুরসহ চতুর্দিকে ইটের টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। নিরাপত্তা রক্ষায় রাজা মিয়া ও রাশেদ মোল্লা নামে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে পুলিশের গাড়িতে তোলা হয়।

উদ্ধারকৃতদের নিয়ে পুলিশ রওনা হওয়ার পর রাত প্রায় সাড়ে ৭টার দিকে আক্কাস আলী বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছালে তাদের পথরোধ করে তিন থেকে চারশত লোকের এক বিক্ষুব্ধ জনতা। তারা সরকারি গাড়ি ঘিরে ফেলে অবরুদ্ধ করে রাখে এবং ভেতরে থাকা দুই ব্যক্তিকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি জানায়।

​পুলিশ সদস্যরা শান্ত করার চেষ্টা করলে উত্তেজিত জনতা বাধা অমান্য করে গাড়ির ভেতরে ঢুকে তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে হামলাকারীরা সরকারি গাড়ির চাবি ছিনিয়ে নেয় এবং লাঠিসোঁটা দিয়ে গাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। বাধা দিতে গেলে কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপরও হামলা চালিয়ে কিল-ঘুষি ও মারধর করা হয়, এতে বেশ কয়েকজন পুলিশ সদস্য আঘাতপ্রাপ্ত হন।

খবর পেয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে অতিরিক্ত পুলিশ বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায়। পরবর্তীতে আহতদের উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

​এ ঘটনায় শনিবার (২২ আগস্ট) কোতোয়ালী থানার এসআই মো. মাসুদ আলম বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে একটি মামলা (মামলা নম্বর-৫৬) দায়ের করেছেন। মামলায় সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর, পথরোধ ও গাড়ি ভাঙচুরের একাধিক ধারা যুক্ত করা হয়েছে।

​ফরিদপুরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, ঘটনার পর থেকে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে এবং বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এজাহারনামীয় ও অজ্ঞাত আসামিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়