নরসিংদীতে স্ত্রীর সঙ্গে অভিমান করে সাড়ে চার বছর বয়সী শিশুসন্তানকে নিয়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছেন এক বাবা।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় নরসিংদী শহরের আরশিনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে এ ঘটনা ঘটে।
এতে বাবা ও ছেলে গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকার হাসেম মিয়ার ছেলে আল আমিন (২৫) এবং তার সাড়ে চার বছর বয়সী ছেলে আরিয়ান।
আল আমিন পেশায় একজন ইন্টেরিয়র ডিজাইনার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল আমিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন।
তার মাদকের অভ্যাসে অতিষ্ঠ হয়ে কিছুদিন আগে স্ত্রী রুমি বেগম তাকে ছেড়ে চলে যান। যাওয়ার সময় শিশুসন্তান আরিয়ানকে আল আমিনের কাছে রেখে যান তিনি।
এরপর স্ত্রীকে ফিরে আসার জন্য আল আমিন তার পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই ঝগড়া করতেন এবং রুমি বেগমকে সংসারে ফিরে আসার জন্য বারবার অনুরোধ করতেন। সম্প্রতি রুমি বেগম আবারও স্বামীর সংসারে ফিরে আসার আশ্বাস দিয়েছিলেন বলে জানা গেছে। এতে আল আমিন স্ত্রীর ফেরার অপেক্ষায় ছিলেন।
তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত স্ত্রী ফিরে না আসায় হতাশ হয়ে পড়েন তিনি। একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি আরশিনগর এলাকা অতিক্রম করার সময় শিশুসন্তান আরিয়ানকে নিয়ে রেললাইনে ঝাঁপ দেন আল আমিন।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনায় আল আমিনের ডান পা ও মাথায় গুরুতর আঘাত লেগেছে। শিশু আরিয়ানের মাথায়ও গুরুতর আঘাত রয়েছে।
নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনির হোসেন জানান, বাবা ও ছেলেকে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। তাদের দুজনের অবস্থাই গুরুতর।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ মো. নাজিম উদ্দিন জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের সামনে পড়ে এ দুর্ঘটনা ঘটে। বাবা ও ছেলে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বিস্তারিত পরে জানানো যাবে।