নিজস্ব প্রতিবেদক কক্সবাজার ও টেকনাফ প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় অস্ত্র ও গোলাবারুদ বহনকারী একটি কাঠের বোট জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান।
তিনি জানান, মিয়ানমার থেকে একটি অসাধু চক্র বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাফ নদী হয়ে বাংলাদেশের অভ্যন্তরে একটি রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্র হস্তান্তরের চেষ্টা করছে। এই তথ্যের ভিত্তিতে বুধবার রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত টেকনাফ থানাধীন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযানের একপর্যায়ে সন্দেহজনক একটি কাঠের বোটের গতিবিধি নজরে আসে। কোস্ট গার্ড সদস্যরা বোটটিকে থামার সংকেত দিলে সেটি সংকেত অমান্য করে দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে প্রবেশ করে। পরে বোটটি ফেলে রেখে চক্রের সদস্যরা পালিয়ে যায়। কোস্ট গার্ড সদস্যরা বোটটিতে তল্লাশি চালিয়ে জালের ভেতর অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেন।
উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি এসভিডি ড্রাগুনব রাইফেল, একটি ম্যাগাজিনসহ; একটি ৯ মিমি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ; ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি; ২ রাউন্ড তাজা ও ১ রাউন্ড ফাঁকা পিস্তলের গুলি এবং ২টি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা কাঠের বোটের ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ডের এই কর্মকর্তা।