শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ: ডপলার রিসার্চের জরিপ ◈ ৪ দিন খাবার ও পানি ছাড়া সাগরে ভাসছিলেন ৩০০ মার্কিন সেনা, অতঃপর... ◈ রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা ◈ ১৩ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ◈ মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলল? ◈ সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে সরকারের নতুন পরিকল্পনা ◈ রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক ◈ নবম পে স্কেলের গেজেট কবে, যা জানা গেল ◈ ভারত স্বার্থ-শর্ত ছাড়া আমন্ত্রণ জানালে স্বাগত জানাবে বাংলাদেশ: রিজভী ◈ রাষ্ট্রপতি নির্বাচনে অভ্যস্ত নয় ইসি, তবে প্রক্রিয়ায় কোনো গ্যাপ থাকবে না: সিইসি

প্রকাশিত : ১৯ আগস্ট, ২০২৬, ০৮:১২ রাত
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও দালাল চক্র নিয়ন্ত্রণের দাবি ছাত্রদলের

ইফতেখার আলম বিশাল, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ও সংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, রোগী ও স্বজনদের নিরাপত্তা জোরদার এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবিতে হাসপাতালের পরিচালকের কাছে স্মারকলিপি দিয়েছে রাজশাহী মহানগর ছাত্রদল।

বুধবার (১৯ আগস্ট) রাজশাহী মহানগর ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে এ স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে বলা হয়, উত্তরাঞ্চলের অন্যতম বৃহৎ সরকারি চিকিৎসাপ্রতিষ্ঠান রামেক হাসপাতালে প্রতিদিন রাজশাহীসহ বিভিন্ন জেলা-উপজেলা থেকে বিপুলসংখ্যক রোগী চিকিৎসা নিতে আসেন। তবে হাসপাতাল চত্বর, জরুরি বিভাগ, প্রধান ফটক ও সংলগ্ন অ্যাম্বুলেন্স স্ট্যান্ডকে কেন্দ্র করে সক্রিয় দালাল ও অ্যাম্বুলেন্সচক্রের কারণে রোগী ও স্বজনদের নানা ধরনের হয়রানি ও ভোগান্তির অভিযোগ রয়েছে।

ছাত্রদলের নেতারা অভিযোগ করেন, বিভিন্ন দালাল রোগী ও স্বজনদের বিভ্রান্ত করে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নেওয়ার চেষ্টা করেন। একই সঙ্গে কিছু অ্যাম্বুলেন্সচালক নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়, রোগী পরিবহনে বাধা, জোরপূর্বক ভাড়া আদায় এবং মৃতদেহ পরিবহনের ক্ষেত্রে স্বজনদের অসহায়ত্বের সুযোগ নেওয়ার মতো কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, হাসপাতাল এলাকায় বহিরাগত দালালদের অবাধ বিচরণ চিকিৎসার পরিবেশ ও রোগীদের নিরাপত্তাকে বিঘ্নিত করছে। জরুরি বিভাগ, ওয়ার্ড এলাকা ও প্রধান প্রবেশপথে নজরদারি আরও বাড়ানোর প্রয়োজন রয়েছে বলেও দাবি করা হয়।

এ অবস্থায় রামেক হাসপাতাল ও সংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্স সিন্ডিকেট ও দালাল চক্রের বিরুদ্ধে নিয়মিত ও বিশেষ অভিযান পরিচালনা, হাসপাতালের গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি টহল ও নজরদারি বৃদ্ধি এবং রোগী-স্বজনদের হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানায় ছাত্রদল।

এ ছাড়া অ্যাম্বুলেন্স সেবায় শৃঙ্খলা আনতে ভাড়ার তালিকা প্রকাশ ও নির্ধারিত ভাড়া বাস্তবায়ন, প্রয়োজনে অ্যাপভিত্তিক বা হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় অ্যাম্বুলেন্স সেবা চালু, হাসপাতাল এলাকাকে দালালমুক্ত রাখতে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি নজরদারি জোরদারের দাবি জানানো হয়।

রোগী ও স্বজনদের জন্য দ্রুত অভিযোগ জানানোর ব্যবস্থা এবং অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক পুলিশি সহায়তা নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে বলা হয়, রামেক হাসপাতাল উত্তরাঞ্চলের লাখো মানুষের চিকিৎসার গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। তাই রোগী ও স্বজনদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও হয়রানিমুক্ত চিকিৎসা পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

স্মারকলিপি প্রদানকালে রাজশাহী মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়