নিনা আফরিন পটুয়াখালী : পটুয়াখালীর কলাপাড়ায় মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে মারধরের পাশাপাশি এক যুবকের পায়ে গুলি করেছে ডাকাতরা।
এ ঘটনায় গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন। পরে ডাকাতরা প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, দুই লাখ টাকা ও একটি আইফোন লুট করে নিয়ে গেছে। শুক্রবার ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামে প্রবাসী মাহিনের বাড়িতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক নাইম (২২) ওই প্রবাসীর ছেলে। আহত অপর দুজন হলেন নাইমের স্ত্রী রেজবি (১৮) ও তার মা রুমা বেগম (৪০)।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে ৫ থেকে ৬ জনের একটি ডাকাতদল বাড়ির দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে।
এ সময় বাড়ির বাইরে আরও কয়েকজন ডাকাত অবস্থান করছিল।
ঘরে ঢুকেই ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে মারধর শুরু করে। একপর্যায়ে রেজবিকে ধর্ষণের চেষ্টা করলে নাইম বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে ডাকাতরা নাইমের হাঁটুর ওপর পায়ে গুলি করে।
পরে তার দুই বছর বয়সী শিশু সন্তান তাসফির মাথায় পিস্তল ঠেকিয়ে পরিবারের কাছ থেকে ২৫ ভরি স্বর্ণালংকার, প্রায় দুই লাখ টাকা ও একটি আইফোন নিয়ে পালিয়ে যায়।
ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করেন। পরে তাদের কলাপাড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
প্রবাসীর স্ত্রী রুমা বেগম বলেন, তাঁর স্বামী বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন। রাতে পরিবারের সবাই ঘুমিয়ে পড়ার পর জানালার গ্রিল কেটে ডাকাতরা ঘরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে মারধর এবং মালামাল লুট করে নিয়ে যায়।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।