সরওয়ার আজম মানিক, কক্সবাজার : কক্সবাজারে টেকনাফের হোয়াইক্যংয়ে ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছে।
বুধবার সকাল ৯টার দিকে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের পশ্চিম ফারিরবিল এলাকার মৃত ছগির আহমদ ড্রাইভারের ছেলে মো. রুবেল (৩৫) এবং টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী এলাকার আবুল কাসেমের ছেলে মোহাম্মদ আরমান চৌধুরী (২৮)।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঘিলাতলী এলাকা থেকে রুবেল ও আরমান মোটরসাইকেলে যোগে পালংখালী বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে কেরুনতলী ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি বেপরোয়া গতির একটি ডাম্পার ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই রুবেলের মৃত্যু হয়। ঘটনায় গুরুতর আহত আরমানকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে তারও মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পরই ডাম্পার ট্রাকটি নিয়ে চালক ও সহকারি পালিয়ে যায়।
ঘটনার ব্যাপারে হাইওয়ে পুলিশের হোয়াইক্যং ফাঁড়ির পরিদর্শক নুরুল আবছার বলেন, “সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় জড়িত ডাম্পারটি পালংখালী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য কামাল উদ্দিনের বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।”
তিনি বলেন, ঘটনার পর ডাম্পারটি নিয়ে চালক পালিয়ে গেছে। কাউকে আটক করা সম্ভব হয়নি। ডাম্পারটি জব্দ এবং চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।