সরওয়ার আজম মানিক, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় হোস্ট কমিউনিটির নির্বাচিত উপকারভোগীদের মধ্যে পোল্ট্রি হাউস বিতরণ করা হয়েছে। নারীদের আয়বর্ধক কর্মকাণ্ডে যুক্ত করে পারিবারিক আয় ও জীবিকা উন্নয়নের লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সোমবার উখিয়ার রাজাপালং ইউনিয়নে মুক্তি কক্সবাজারের বাস্তবায়নে, আইভিওয়াই জাপানের কারিগরি সহযোগিতায় এবং জাপান প্ল্যাটফর্মের অর্থায়নে পরিচালিত ‘ইমপ্রুভিং ফুড সেল্ফ-সাফিশিয়েন্সি অ্যান্ড লাইভলিহুড থ্রু এগ্রিকালচারাল ট্রেনিং ফর রিফিউজি ক্যাম্প অ্যান্ড হোস্ট কমিউনিটি রেসিডেন্টস উইথ ইনঅ্যাডিকুয়েট ফুড অ্যাক্সেস ইন উখিয়া’ প্রকল্পের আওতায় এসব পোল্ট্রি হাউস বিতরণ করা হয়।
প্রকল্পের আওতায় ২০০টি হোস্ট কমিউনিটির পরিবারকে সবজি চাষ ও মুরগি পালনের মাধ্যমে জীবিকায়ন উন্নয়নে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ৫০০টি রোহিঙ্গা শরণার্থী পরিবারকে বসতবাড়িভিত্তিক সবজি উৎপাদন ও পুকুরে মাছ চাষে সহায়তা দেওয়া হবে। উপকারভোগীদের প্রশিক্ষণ, কৃষি উপকরণ সরবরাহ এবং প্রাণিসম্পদের টিকাদান কার্যক্রমও পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার।
সভাপতিত্ব করেন মুক্তি কক্সবাজারের উপ-প্রধান নির্বাহী সৈয়দ লুৎফুল কবির চৌধুরী।
এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ হোসেন, উখিয়া প্রেস ক্লাবের সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার, আইভিওয়াই জাপানের প্রোগ্রাম ম্যানেজার রিয়ে কুন্ড, প্রকল্পের প্রধান মো. ওসমান গনি, সহকারী প্রকল্প সমন্বয়কারী আবেদা সুলতানাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও পান্না আক্তার বিতরণ করা সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করে পারিবারিক আয় ও জীবিকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য উপকারভোগীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ যেন কোনোভাবেই পিছিয়ে না থাকে—তাদের অধিকার, মর্যাদা ও প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে আমরা সবসময় পাশে থাকব এবং কাজ করে যাব। নারীর ক্ষমতায়নে নারীদের আর্থনির্ভরশীলতার বিকল্প নেই।”