শিরোনাম
◈ এমপি নজরুলকে ঘিরে চাঞ্চল্য, ড্রাইভারের বয়ানে উঠে এলো নানা অভিযোগ ◈ ভূমি কর্মকর্তা ঘুষ নেওয়ার সময় বললেন—কপাল ভালো ৪০তম বিসিএসে উনি ক্যাডার, আমি নন-ক্যাডার (ভিডিও) ◈ ইরান যুদ্ধে ‘আটকে’ ট্রাম্প, তিন বিকল্পেই সংকট: নিউইয়র্ক টাইমস ◈ পাউরুটিতে ক্যানসারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট ◈ নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে, নিহত ১ ◈ ভারতের পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তনে টাস্কফোর্স ঘোষণা মোদির ◈ বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান নয়: বাংলাদেশ ব্যাংক ◈ ‘বদির সুপরিকল্পিত ছকেই একরাম হত্যা’: চিফ প্রসিকিউটর ◈ স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী বাছাইয়ের নির্দেশ তারেক রহমানের ◈ রেমিট্যান্সে চাঙা অর্থনীতি, ২৫ দিনে এলো প্রায় ২৩০ কোটি ডলার

প্রকাশিত : ২৬ জুলাই, ২০২৬, ০৮:১৫ রাত
আপডেট : ২৭ জুলাই, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পথসভা ঘিরে হামলার আশঙ্কা, প্রশাসনিক  নিরাপত্তা চায় এনসিপি

কিশোরগঞ্জ প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কর্মসূচি ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ উপলক্ষে কিশোরগঞ্জে আয়োজিত পথসভাগুলোকে ঘিরে হামলার আশঙ্কা প্রকাশ করেছে দলটি। কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের কাছে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন এনসিপির নেতারা।

রবিবার (২৬ জুলাই) দুপুরে কিশোরগঞ্জ জেলা শহরের আখড়া বাজার শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আশঙ্কার কথা জানান দলের নেতারা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (২৭ জুলাই) বিকেল ৩টায় তাড়াইল, বিকেল ৫টায় করিমগঞ্জ এবং সন্ধ্যা ৭টায় কিশোরগঞ্জ শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের মুক্তমঞ্চে পথসভা অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এমপি, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় ও জেলা উপজেলা পর্যায়ের কর্মীরা উপস্থিত থাকার কথা রয়েছে।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম সদস্য সচিব আহনাফ সাঈদ খান বলেন, জুলাই গণঅভ্যুত্থান ঘিরে মানুষের যে আশা-আকাঙ্ক্ষা ছিল, তার অনেক কিছুই এখনো বাস্তবায়িত হয়নি। শিক্ষার্থীদের চাকরিতে বৈষম্য দূর করা এবং সুযোগের সমতা নিশ্চিতের দাবি পূরণ হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং বর্তমান বিএনপি সরকারও জুলাইয়ের চেতনা ও গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নের ক্ষেত্রে অবহেলা করছে। গণভোটে জনগণ জুলাই সনদের পক্ষে রায় দিলেও জাতীয় সংসদে সেই সনদকে অবজ্ঞা ও কটূক্তি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

আহনাফ সাঈদ খান বলেন, জুলাইয়ের অপূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়নের দাবি এবং জুলাইকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টার প্রতিবাদ জানাতেই তাদের ‘জুলাই গণজাগরণ’ কর্মসূচি। তার দাবি, রাজনৈতিক মহল ও আমলাতন্ত্রের একটি অংশ জুলাইয়ের গণঅভ্যুত্থানকে মানুষের স্মৃতি থেকে মুছে দেওয়ার চেষ্টা করলেও তা সফল হয়নি। তিনি আরও বলেন, বাংলাদেশের জুলাই আন্দোলনের প্রেরণায় নেপাল ও ভারতের বিভিন্ন স্থানেও শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।

সম্ভাব্য হামলার আশঙ্কার বিষয়ে তিনি বলেন, তাদের আশঙ্কা, পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে কর্মসূচিতে হামলার চেষ্টা হতে পারে। অনলাইন ও অফলাইনে বিভিন্নভাবে উসকানি দেওয়া হচ্ছে এবং বিদেশ থেকেও এ ধরনের উসকানি আসছে বলে তারা তথ্য পেয়েছেন বলে দাবি করেন। ছাত্রলীগের সাবেক কয়েকজন কেন্দ্রীয় নেতাও এ উসকানির সঙ্গে জড়িত থাকতে পারেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বিষয়টি প্রশাসনকে আগেও জানানো হয়েছে এবং আবারও আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তথ্যের সত্যতা যাচাই করা প্রশাসন ও গোয়েন্দা সংস্থার দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এনসিপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি বা দমন-পীড়নের চেষ্টা করলে তার সমুচিত জবাব দেওয়া হবে।

এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কিশোরগঞ্জ জেলা শাখার সদস্য সচিব আরিফুর রহমান বাবু বলেন, "আগামীকালের ‘জুলাই জাগরণ’ পদযাত্রা কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে এবং নেতাকর্মীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা কিশোরগঞ্জের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জেলা প্রশাসনের কাছে নিরাপত্তার নিশ্চয়তা চাইছি।

তিনি বলেন, আমাদের কাছে এমন কিছু তথ্য এসেছে যে, ঢাকা থেকে কেন্দ্রীয় নেতারা কিশোরগঞ্জে আসার পথে তাদের ওপর হামলার চেষ্টা হতে পারে। গত রাতে আমরা এ ধরনের তথ্য পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আমরা সংবাদ সম্মেলনের পর জেলা প্রশাসক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে তাদের অবহিত করব এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাব।

তিনি আরও বলেন, আমরা আশা করি, প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় সহযোগিতা করবে। এছাড়া কিশোরগঞ্জের তিনটি উপজেলায় আয়োজিত এই পদযাত্রার মূল উদ্দেশ্য হচ্ছে জনগণের সঙ্গে মতবিনিময় এবং দলীয় কার্যক্রম তুলে ধরা।"

সংবাদ সম্মেলনে জেলা এনসিপির আহ্বায়ক শেখ খাইরুল কবির, সদস্যসচিব আরিফুর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্সসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়