শিরোনাম
◈ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও চারজন, শপথ আজ সন্ধ্যায় ◈ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য সরকারের নির্দেশনা ◈ শিক্ষা খাতে সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করেছে বিএনপি সরকার: অর্থমন্ত্রী ◈ জিন্নাহর গোপন রোগের তথ্য ফাঁস, ৭৯ বছর পর পুরস্কৃত দুই চিকিৎসক ◈ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি ◈ ইতালি রোমের আলোচিত ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নে যা বললেন নগরবাউল জেমস! ◈ ডলারের দাম অপরিবর্তিত, সপ্তাহজুড়ে ওঠানামা পাউন্ড-ইউরোসহ অন্যান্য মুদ্রায় ◈ বিলের পানিতে হাঁস পালন করে বদলাচ্ছে নড়াইলের তরুণদের ভাগ্য, ডিমের বাজার ২২ কোটি টাকা! ◈ ‘ভুয়া’ খবর বিষয়ক সতর্কবার্তা দিল ভারতীয় হাইকমিশন ◈ পরিবারের বড় ছেলে, যার কাঁধে অনেক দায়িত্ব: মির্জা ফখরুলকে নিয়ে জামাতা ফাহাম

প্রকাশিত : ০৬ জুলাই, ২০২৬, ০৬:৫২ বিকাল
আপডেট : ১৮ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে সৌদি প্রবাসীকে অপহরণ: ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ১

সোহাগ হাসান জয়, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে সৌদি আরব প্রবাসী এক যুবককে কৌশলে বাড়িতে ডেকে নিয়ে অপহরণ, আপত্তিকর ভিডিও ধারণ তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবির চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। রবিবার (৫ জুলাই) রাতে সিরাজগঞ্জের সলঙ্গা থানার তেলকুপি পূর্বপাড়া গ্রামে অভিযান চালিয়ে অপহৃত রাসেল ফকির (৩০) কে উদ্ধার করা হয়। এসময় ঘটনার সাথে জড়িত থাকায় মোছা. লাকী খাতুন (২৬) কে গ্রেপ্তার করে পুলিশ।

সোমবার (৬ জুলাই) দুপুরে রায়গঞ্জ-সলঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সলঙ্গা থানায় এক প্রেস ব্রিফিং এর এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বেলকুচি উপজেলার শোলাকুড়া গ্রামের রহিম ফকিরের ছেলে রাসেল ফকির সৌদি আরব থেকে তিন মাসের ছুটিতে দেশে এসেছিলেন। গত ৪ জুলাই বিকেল থেকে তিনি নিখোঁজ হলে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। পরে পরদিন সকাল সাড়ে ৭টার দিকে রাসেলের মোবাইল ফোন থেকে তার স্ত্রী হাসি খাতুনের কাছে একটি কল আসে। ফোনে এক নারী নিজেকে অপহরণকারীদের প্রতিনিধি পরিচয় দিয়ে জানান, রাসেল তাদের জিম্মায় রয়েছে। তাকে জীবিত ফিরে পেতে হলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে। অন্যথায় তাকে হত্যা এবং তার আপত্তিকর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।

পরে অপহরণকারীদের নির্দেশে পরিবারের সদস্যরা মেঘুল্লা বাসস্ট্যান্ডের একটি বিকাশ এজেন্টের মাধ্যমে দুই দফায় মোট ৫০ হাজার টাকা পাঠান। এরপরও তারা রাসেলকে মুক্তি না দিয়ে আরও পাঁচ লাখ টাকা নগদ নিয়ে সলঙ্গার তেলকুপি গ্রামে যেতে নির্দেশ দেয়।

এই বিষয়টি জানার পরই সলঙ্গা থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে। পরে রবিবার রাত ১০টায় পুলিশের একটি দল ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সাথে ছদ্মবেশে নির্ধারিত স্থানে পাঁচ লাখ টাকা নিয়ে অবস্থান নেয়। মুক্তিপণের টাকা নিতে লাকী খাতুন সেখানে পৌঁছালে ওত পেতে থাকা পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তেলকুপি পূর্বপাড়ায় অভিযান চালিয়ে একটি কক্ষের তালা ভেঙে অপহৃত রাসেল ফকিরকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

তিনি আরো জানান, অভিযানের সময় লাকী খাতুনের নিকট থেকে মুক্তিপণ আদায়ে ব্যবহৃত একটি মোবাইল ফোন, সিম এবং নগদ ৫০ হাজার টাকা জব্দ করা হয়েছে।

উদ্ধারের পর প্রবাসী রাসেল ফকির জানান, বিদেশে পাঠানোর বিষয়ে আলোচনা রয়েছে এমন প্রলোভন দেখিয়ে লাকী খাতুন তাকে ৪ জুলাই বিকেলে মোবাইল ফোনে ডেকে নেয়। সেখানে পৌঁছানোর পর তার মোবাইল ফোন কেড়ে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। পরে রাতে জোরপূর্বক আপত্তিকর পরিস্থিতি সৃষ্টি করে তার সহযোগীর মাধ্যমে ভিডিও ধারণ করা হয়। এরপর সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে পরিবারের কাছে বিপুল অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, ঘটনার মূল আসামিকে গ্রেপ্তার এবং ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়