শিরোনাম
◈ রাস্তায় কোরবানির পশুর বর্জ্য থাকায় দুই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী, নইলে ‘ব্যবস্থা’ ◈ নদী বাঁচাতে শত শত বাঁধ ভাঙছে ইউরোপ, ফিরছে স্যামন মাছ ও জীববৈচিত্র্য ◈ ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে সাম্প্রতিক আলোচনা ও বক্তব্যের ভুল উপস্থাপন প্রসঙ্গে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ◈ বাংলাদেশের জেএফ-১৭ পরিকল্পনায় নড়েচড়ে বসেছে ভারত, বাড়ছে পূর্ব সীমান্তের কৌশলগত উদ্বেগ ◈ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৩২ ◈ কুরবানির বর্জ্য অপসারণ দেখতে রাজধানীর সড়কে নিজেই গাড়ি চালিয়ে ঘুরছেন প্রধানমন্ত্রী ◈ পাকিস্তান-চীন ঘনিষ্ঠতায় নতুন ভারসাম্যের পথে বাংলাদেশ, উদ্বিগ্ন ভারত ◈ নেপাল হয়ে কৈলাস যাত্রায় ভারতীয় তীর্থযাত্রী সীমিত করল চীন, পর্যটক বাড়ার আশা অপারেটরদের ◈ এক‌টি চু‌ক্তি‌তে যুক্তরাষ্ট্র ও ইরান সম্মত হ‌লেও বাকি ট্রাম্পের অনুমোদন

প্রকাশিত : ২৯ মে, ২০২৬, ১০:০৩ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি সহায়তা ছাড়াই গ্রাম উন্নয়ন, অনন্য দৃষ্টান্ত ‘সবার আগে বলদিয়া’

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়ন এ ‘সবার আগে বলদিয়া’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে গ্রাম উন্নয়নে সৃষ্টি হয়েছে অনন্য দৃষ্টান্ত। কোনো প্রকার সরকারি সহায়তা ছাড়াই সংগঠনটির সদস্যদের ক্ষুদ্র ক্ষুদ্র অর্থায়ন ও নিজেদের স্বেচ্ছাশ্রমে ইউনিয়নের প্রত্যন্ত এলাকার যোগাযোগ ব্যবস্থায় এসেছে দৃশ্যমান পরিবর্তন।

সপ্তাহের প্রতি শুক্রবার সংগঠনের সদস্যরা এক ও অভিন্ন পোশাকে হাতে করাত, কুড়াল, হাতুড়ি ও শাবল নিয়ে নেমে পড়েন গ্রাম উন্নয়নের কাজে। এলাকার ভাঙাচোরা ও বেওয়ারিশ পুল মেরামতের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নিজেদের সামর্থ্যে নির্মাণ করছেন নতুন রাস্তা ও সেতু। এক সময় যেসব এলাকায় এক গ্রাম থেকে অন্য গ্রামে যেতে মানুষকে পায়ে হেঁটে দুর্ভোগ পোহাতে হতো, এখন সেখানে নতুন নতুন পুল নির্মাণ হওয়ায় মোটরসাইকেল ও অটোগাড়িতে সহজেই যাতায়াত করা যাচ্ছে। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমার পাশাপাশি স্থানীয় অর্থনৈতিক কর্মকা-েও এসেছে গতি।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দত্ত বলেন, ‘সবার আগে বলদিয়া’ সংগঠনের উন্নয়ন কার্যক্রম সম্পর্কে তিনি অনেক শুনেছেন। সংগঠনটির উদ্যোগে বলদিয়া ইউনিয়নে যে উন্নয়ন কার্যক্রম চলছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।

তিনি আরো বলেন, উপজেলার অন্যান্য ইউনিয়নেও যদি এ ধরনের স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে উঠতো, তাহলে উন্নয়নের গতি আরো বাড়ত। কারণ দেশের সব জায়গায় প্রতিটি উন্নয়ন কার্যক্রম সরকারের একার পক্ষে বাস্তবায়ন করা সব সময় সম্ভব হয় না। এমন সময়ে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে সমাজ আরো সুন্দর ও সমৃদ্ধ হয়ে ওঠে।

স্থানীয়দের মতে, স্বেচ্ছাশ্রম ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কীভাবে একটি এলাকা বদলে যেতে পারে, তার বাস্তব উদাহরণ হয়ে উঠেছে ‘সবার আগে বলদিয়া’। সংগঠনটির এমন ব্যতিক্রমী উদ্যোগ এখন গোটা নেছারাবাদ উপজেলা জুড়ে স্বনির্ভর উন্নয়নের রোল মডেল হিসেবে প্রশংসিত হচ্ছে।

সংগঠনের উপদেষ্টা প্রবীণ শিক্ষক মো. এনামুল হক রতন বলেন, গত এক বছরে সপ্তাহের প্রতি শুক্রবার চলে তাদের উন্নয়নের অভিযান। তিনি বলেন, বলদিয়া মলুহার বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন নতুন পুল নির্মাণ, কেরামদ্দিন সালাম মেম্বার বাড়ি সংলগ্ন নতুন পুল নির্মাণ, একই স্থানে দ্বিতীয় পুল নির্মাণ, ৬নং ওয়ার্ড ফকির বাড়ি রাস্তায় ৬০০ ফুট মেরামত, জিলবাড়ী মসজিদ সংলগ্ন বেলুয়া নদীর ভাঙনে নতুন পুলসহ এভাবে বিভিন্ন এলাকায় নির্মাণ করা পুলের সংখ্যা সত্বরটি হয়েছে।
জানা গেছে, বলদিয়া ইউনিয়ন দীর্ঘদিন ধরেই উপজেলার অন্যতম অবহেলিত ইউনিয়ন হিসেবে পরিচিত। বিগত সরকারের আমলে উপজেলার বিভিন্ন এলাকায় দৃশ্যমান উন্নয়ন হলেও মুখ থুবড়ে পড়েছিল এ ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা। ইউনিয়নের ভাঙাচোড়া সড়ক ও ঝুঁকিপূর্ণ পুলের কারণে চরম দুর্ভোগে পড়তে হতো সাধারণ মানুষকে। স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার ধর্না দিয়েও মিলেছে শুধু আশ্বাস।

একপর্যায়ে সেই ভাঙা বিশ্বাসকে জোড়া লাগাতে গ্রামের তরুণ ও প্রবীণদের সমন্বয়ে গড়ে ওঠে ‘সবার আগে বলদিয়া’ স্বেচ্ছাসেবী সংগঠন। গত এক বছরে সংগঠনটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ছুটির দিন শুক্রবার নিজেদের অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছে মোট ৬৮টি পুল। সর্বশেষ ২২ মে আরো দুটি নতুন পুল নির্মাণের মাধ্যমে মোট ৭০টি পুল নির্মাণের মাইলফলক স্পর্শ করেছে সংগঠনটি।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম বলেন, মাত্র আট মাস আগেও বলদিয়া ইউনিয়নের এক এলাকা থেকে অন্য এলাকায় যাতায়াত ছিল অত্যন্ত কষ্টকর। উন্নয়ন ছিল যেন সোনার হরিণ। নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি মিললেও পরে কেউ খোঁজ রাখেনি। তাই কারও মুখাপেক্ষী না হয়ে আমরা নিজেরাই এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ শুরু করেছি। চেষ্টা, ঐক্য ও পরিশ্রম থাকলে উন্নয়ন সম্ভব, ‘সবার আগে বলদিয়া’ তারই প্রমাণ।

সূত্র: ইনকিলাব 

  • সর্বশেষ
  • জনপ্রিয়