জিয়া উদ্দিন সিদ্দিকী, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছে। গুরুতর আহত ৮ জনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা ঘটেছে আমতলী উপজেলার ঘোপখালী গ্রামে বৃহম্পতিবার বেলা ১১ টায়।
জানাগেছে, উপজেলার ঘোপখালী গ্রামের আব্দুল খালেক চৌকিদার ও রহমান আকনের মধ্যে এক একর ৫৪ শতাংশ জমি নিয়ে গত এক বছর ধরে বিরোধ চলে আসছে। ওই জমিতে বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে রহমান আকন তার লোকজন নিয়ে চাষাবাদ করতে যায়। এ সময় আব্দুল খালেক চৌকিদার বাঁধা দেয়। এ পর্যায় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষে দ্ইু পক্ষের ২০ জন আহত হয়েছে। আহত আব্দুল খালেক চৌকিদার (৫৫), ইমরান চৌকিদার (২০), মালেক চৌকিদার (৫৫), ফরিদ গাজী ( ৪৮) নুর জাহান (৩৫), আব্দুস সালাম (৩৮), শারমিন (৩০),রুমা (২১), মাকসুদা (৩০), রহমান আকন (৫০), রফিক আকন (৪০), শহিদুল (৪৫), জাহানারা (৪০), মহিবুল্লাহ (২৬) ও ইউসুফ আকনকে (৬০) স্থানীয়রা উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। ওই হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান গুরুতর আহত খালেক চৌকিদার, মালেক চৌকিদার, ইমরান চৌকিদার, ফরিদ গাজী, মহিবুল্লাহ, রহমান আকন, রফিক আকন ও শহীদুল আকনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেছে। অপর আহতদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত আব্দুল খালেক চৌকিদার বলেন, আমার জমিতে রহমান আকন তার লোকজন নিয়ে চাষাবাদ করতে আসে। আমি এতে বাঁধা দিয়ে কয়েক দফায় আমাকে ও আমার লোকজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। ৯৯৯ পুলিশকে খবর দিলেও পুলিশ আসতে বিলম্ব করায় আরেক দফায় আমার লোকজনকে কুপিয়ে আহত করেছে। এতে আমার পক্ষের ১২ জন আহত হয়েছে।
আহত রহমান আকন বলেন, জমিতে চাষাবাদ করতে গেলে আব্দুল খালেক চৌকিদারের লোকজন আমাকেসহ ৮ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, আহতদের যথাযথ চিকিৎসা দেয়া হয়েছে। ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়েছে।
আমতলী থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।