জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর দূরপাল্লার বাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সেপ্টেম্বর ২০২৬-এর নতুন ভাড়ার তালিকায় ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলার রুটে ৫১ ও ৪০ আসনের বাসের জন্য আলাদা ভাড়া নির্ধারণ করা হয়েছে। টোল যুক্ত হওয়ায় একই রুটে দুই ধরনের বাসের ভাড়ায়ও পার্থক্য রয়েছে।
বিআরটিএর পুনর্নির্ধারিত তালিকা অনুযায়ী, ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে কিলোমিটারপ্রতি বাসভাড়া ২ টাকা ৪০ পয়সা ধরা হয়েছে। তবে পদ্মা বহুমুখী সেতু, যমুনা সেতু, বিভিন্ন সেতু, ফেরি ও অন্যান্য প্রযোজ্য টোল যোগ হওয়ায় যাত্রীকে নির্ধারিত মূল ভাড়ার চেয়ে বেশি অর্থ দিতে হবে।
গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে বরিশাল, পটুয়াখালী, বরগুনা, যশোর, খুলনা, বেনাপোল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন গন্তব্যের নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, সায়দাবাদ আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, খাগড়াছড়ি, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, পটুয়াখালী, বরগুনা, কুয়াকাটা, পিরোজপুর, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জসহ বিভিন্ন রুটের ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে।
নতুন তালিকায় সায়দাবাদ থেকে বরিশাল রুটের দূরত্ব ১৭১ কিলোমিটার। টোলসহ ৫১ আসনের বাসে জনপ্রতি ভাড়া ৪৯৩ টাকা এবং ৪০ আসনের বাসে ৬২৯ টাকার কাছাকাছি নির্ধারণ করা হয়েছে। সায়দাবাদ থেকে পটুয়াখালী ২১০ কিলোমিটার রুটে ৫১ আসনের বাসে টোলসহ জনপ্রতি ভাড়া ৬০৫ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।
সায়দাবাদ থেকে কুয়াকাটা ২৮০ কিলোমিটার রুটে ৫১ আসনের বাসে টোলসহ জনপ্রতি ভাড়া প্রায় ৭৮১ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৯৯৬ টাকা। একই টার্মিনাল থেকে বরগুনার ২৫৩ কিলোমিটার রুটে ৫১ আসনের বাসে টোলসহ ভাড়া প্রায় ৭১৭ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৯১৪ টাকা।
সিলেট বিভাগের বিভিন্ন রুটেও নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে। সায়দাবাদ থেকে সিলেটের দূরত্ব ২৫৭ কিলোমিটার। এ রুটে ৫১ আসনের বাসে টোলসহ জনপ্রতি ভাড়া ৬২৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৯৬ টাকার মতো নির্ধারণ করা হয়েছে। জকিগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ভাড়া প্রায় ৮৪৮ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ১ হাজার ৮১ টাকা।
ঢাকার মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকেও বিভিন্ন গন্তব্যের ভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে। মহাখালী থেকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জের পাশাপাশি রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, লালমনিরহাট, কুড়িগ্রাম, সিলেট ও কক্সবাজারের রুট রয়েছে নতুন তালিকায়।
মহাখালী থেকে রংপুরের দূরত্ব ২৯৭ কিলোমিটার। এ রুটে ৫১ আসনের বাসে টোলসহ জনপ্রতি ভাড়া ৭৪১ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৪৫ টাকার মতো নির্ধারণ করা হয়েছে। মহাখালী থেকে নীলফামারী ৩৫৭ কিলোমিটার রুটে ৫১ আসনের বাসে টোলসহ ভাড়া প্রায় ৮৮৫ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ১ হাজার ১২৮ টাকা। পঞ্চগড়ের ক্ষেত্রে ৪৩৮ কিলোমিটার রুটে ৫১ আসনের বাসে টোলসহ ভাড়া প্রায় ১ হাজার ৭৯ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ১ হাজার ৩৭৬ টাকা।
মহাখালী থেকে সিলেট রুটে দূরত্ব ২৪৫ কিলোমিটার। এ রুটে ৫১ আসনের বাসে টোলসহ জনপ্রতি ভাড়া প্রায় ৫৯৯ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ৭৬৩ টাকা। মহাখালী থেকে কক্সবাজারের ৩৯৬ কিলোমিটার রুটে ৫১ আসনের বাসে টোলসহ জনপ্রতি ভাড়া প্রায় ৯৬৭ টাকা এবং ৪০ আসনের বাসে প্রায় ১ হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিআরটিএর তালিকায় বলা হয়েছে, যেসব রুটে সেতু, ফেরি বা অন্যান্য কর্তৃপক্ষের টোল প্রযোজ্য, সেসব ক্ষেত্রে নির্ধারিত টোল যাত্রীদের ভাড়ার সঙ্গে যুক্ত হবে। বিশেষ করে পদ্মা বহুমুখী সেতু দিয়ে চলাচলকারী দক্ষিণাঞ্চলের রুটগুলোতে সেতুর টোলের কারণে ভাড়ার পার্থক্য দেখা যাচ্ছে।
এ ছাড়া গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার দিয়ে চলাচলকারী বাসের ক্ষেত্রেও নির্ধারিত টোল প্রযোজ্য হবে। ৫১ আসনের বাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি ৭ টাকা এবং ৪০ আসনের বাসের ক্ষেত্রে যাত্রীপ্রতি ৯ টাকা হারে টোল যুক্ত করার কথা তালিকায় উল্লেখ করা হয়েছে।
বিআরটিএ জানিয়েছে, নতুন ভাড়ার তালিকায় সড়ক ও জনপথ অধিদপ্তর থেকে পাওয়া দূরত্ব এবং প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিসি ও অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার টোল ও ফেরি ভাড়া বিবেচনায় নেওয়া হয়েছে। দূরত্ব বা ভাড়ার পরিমাণে কোনো অসঙ্গতি থাকলে যথাযথ প্রমাণের ভিত্তিতে তা অনুপাতে সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।