শিরোনাম
◈ যুব এশিয়া কা‌পে ভার‌তের বিরু‌দ্ধে ৩৩৩ টার্গেটে খেল‌তে নে‌মে ২৬ রা‌নে অলআউট নেপাল ◈ সংঘাতের আবহে শুরু সংসদ অধিবেশন, শেষ হলো জাতীয় স্বার্থে ঐক্যের আহ্বানে ◈ সত্যি কি আফগানিস্তানের মাটির নিচে ৩ ট্রিলিয়ন ডলারের সম্পদ লুকিয়ে আছে? ◈ সবুজ কারখানায় বিশ্বসেরা বাংলাদেশ, নতুন মাইলফলক অর্জন ◈ রোহিঙ্গা গণহত্যার রায়ের পরও কেন নিজ দেশে ফিরতে পারছেন না তারা? ◈ যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে আটক ◈ দুই বছর পর টেস্ট সিরিজ জিত‌লো পাকিস্তান ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস

প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০২:৩৯ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২১০ কোটি ডলারের থার্ড টার্মিনাল চালুতে অতিরিক্ত ৯০২ কোটি টাকা, সংসদে যা বললেন বিমানমন্ত্রী

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সচল করতে অতিরিক্ত ৯০২ কোটি টাকা বরাদ্দের ব্যাখ্যা দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, প্রায় ২.১ বিলিয়ন (২১০ কোটি) ডলার মূল্যের এই রাষ্ট্রীয় সম্পদ দ্রুত চালু করতে কাজ চূড়ান্ত করা, ঠিকাদারের কিছু বকেয়া এবং অন্যান্য সংস্থার পাওনা পরিশোধে এই অর্থ প্রয়োজন।

আজ রোববার (৩০ আগস্ট) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়।

হান্নান মাসউদ তাঁর প্রশ্নে বলেন, আন্তর্জাতিক টার্মিনালের প্রাক্কলিত ব্যয় ১৩ হাজার কোটি টাকা থেকে কয়েক দফায় বেড়ে ২১,৩০০ কোটি টাকায় পৌঁছেছে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) দপ্তর তদন্ত করে প্রায় ৪,৪৬৯ কোটি টাকার অনিয়ম শনাক্ত করেছে এবং ঠিকাদারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের সুপারিশ করেছে।

এ অবস্থায় কাজের প্রায় ৯৯.৯১ শতাংশ শেষ হওয়ার পর— শেষ মুহূর্তে আরও ৯০২ কোটি টাকা ব্যয় বাড়ানো ঠিকাদারকে দুর্নীতির সুযোগ করে দেওয়ার শামিল কি না, তা জানতে চান তিনি।

Advertisement

জবাবে বিমানমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শুধু ভবন উদ্বোধন করেই কাজ শেষ বলে চালিয়ে দেওয়ার একটি প্রবণতা ছিল। কিন্তু থার্ড টার্মিনালের মেশিনারিজ এবং প্রয়োজনীয় বিভিন্ন সংকেত বা সংযোজন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ অসম্পূর্ণ অবস্থায় ফেলে রাখা হয়েছিল।

মন্ত্রী বলেন, টার্মিনালে প্রায় ২.১ বিলিয়ন ডলার মূল্যের রাষ্ট্রীয় সম্পদ পড়ে থেকে নষ্ট হওয়ার উপক্রম হয়েছিল। ফলে একদিকে সরকার এটি ব্যবহার করতে পারছিল না, অন্যদিকে উন্নয়ন সহযোগী সংস্থা– জাইকার কাছ থেকে নেওয়া ঋণের বড় অংকের কিস্তি পরিশোধ শুরু হলেও, অবকাঠামো সচল না থাকায় কোনো আয় হচ্ছিল না।

"বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সার্বিক হিসাব-নিকাশ পর্যালোচনা করে দেখে যে, কাজ চূড়ান্তভাবে সম্পন্ন করা, ঠিকাদারের পূর্বের কিছু বকেয়া পরিশোধ এবং অন্যান্য সংস্থার বকেয়া মেটানোর মাধ্যমে অবকাঠামো চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন" –জানান তিনি।

তিনি বলেন, স্বচ্ছতার ভিত্তিতেই এই অর্থের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। অতিরিক্ত অর্থ অনুমোদন না হলে সুবিশাল টার্মিনালটি পুরোপুরি অকার্যকর হয়ে পড়ে থাকত, যা জাতির জন্য অত্যন্ত ক্ষতিকর হতো।

বিমানমন্ত্রী জানান, অতিরিক্ত ৯০২ কোটি টাকা অনুমোদন হলে খুব দ্রুত থার্ড টার্মিনাল চালু করা সম্ভব হবে। এতে বর্তমানে ১.২ মিলিয়ন যাত্রীর জায়গায় দ্বিগুণ যাত্রীকে সেবা দেওয়ার সুযোগ তৈরি হবে। সেখান থেকে পাওয়া আয় দিয়ে জাইকার ঋণ সহজেই পরিশোধ করা যাবে বলেও জানান তিনি।

এই লক্ষ্যেই পরিকল্পনা ও অর্থ মন্ত্রণালয়ে অতিরিক্ত বরাদ্দের আবেদন করা হয়েছে বলে সংসদে জানান মন্ত্রী।

অভ্যন্তরীণ রুটের টিকিট ১২ হাজার টাকা নয়: বিমানমন্ত্রী

সংসদে অপর এক সম্পূরক প্রশ্নে বিমানের অতিরিক্ত ভাড়া ও টিকিট কালোবাজারি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এমপি মুজিবুর রহমান। তিনি অভিযোগ করেন, অভ্যন্তরীণ রুটে বিমান ভাড়া হঠাৎ ৬,০০০ টাকা থেকে বেড়ে দ্বিগুণ বা ১২,০০০ টাকায় পৌঁছে যায়, যা যাত্রীসাধারণের জন্য অসহনীয় ও অস্বাভাবিক।

জবাবে বিমানমন্ত্রী বলেন, "এ বিষয়ে কিছুটা ভুল বোঝাবুঝি রয়েছে। কোনো সাধারণ ওয়ান-ওয়ে টিকিটের দাম কখনো ১২,০০০ টাকা স্পর্শ করেনি। সাধারণত রিটার্ন টিকিটের দাম বা বিশেষ ট্যাক্সসহ খরচ হিসাব করলে ভাড়া সাময়িকভাবে বেড়ে যায়।"

মন্ত্রী বলেন, "প্রকৃতপক্ষে বেসিক টিকিট প্রাইস নির্ধারিত সীমার মধ্যেই থাকে। এর ওপর সরকারকে প্রায় ১৫% ট্যাক্স দিতে হয়। সব মিলিয়ে একটি টিকিটের স্বাভাবিক মূল্য প্রায় ৬,৩০০ থেকে ৬,৪০০ টাকা।"

তিনি জানান, কোনো কোনো সময় টিকিটের কৃত্রিম সংকট তৈরি করে শেষ মুহূর্তে একশ্রেণির অসাধু চক্র টিকিট কালোবাজারির অপচেষ্টা চালায়। কালোবাজারি সম্পূর্ণভাবে বন্ধ করতে সরকার দৃশ্যমান ব্যবস্থা নিচ্ছে।

যাত্রীরা ভবিষ্যতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিকিট কিনবেন না এবং সাধারণ যাত্রীরা যেন নির্ধারিত ৬,৪০০ টাকার আশপাশেই টিকিট পান, তা নিশ্চিত করা হবে বলে সংসদে জানান বিমানমন্ত্রী।

সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড 

  • সর্বশেষ