এ্যানি আক্তার: চলতি বছরের শুরু থেকেই কমতে শুরু করে নেটফ্লিক্স গ্রাহক। ফলে কিছুটা বাধ্য হয়েই গ্রাহক ধরতে স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স তাদের সাবস্ক্রিপশন ফি কমানোর ঘোষণা দিয়েছে। তবে বিশ্বের বৃহত্তম স্ট্রিমিং কোম্পানির দাবি গ্রাহকরা নিজেদের মধ্যে পাসওয়ার্ড শেয়ার করার কারণেই কমেছে সাবস্ক্রিপশনের সংখ্যা। বিবিসি
গ্রাহকদের জন্য সাবস্ক্রিপশন ফি কমানোর ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। এশিয়া, ইউরোপ, মধ্যে আমেরিকা ও মধ্যপ্রাচ্যের ৩০টি দেশে ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। জনপ্রিয় এ স্ট্রিমিং সাইটটিতে গ্রাহকদের আগ্রহ বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
গত বছর প্রথমবারের মতো গ্রাহক কমে যায় যুক্তরাষ্ট্রভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও প্রযোজনা সংস্থা নেটফ্লিক্সের। বাজারে ডিজনি প্লাস, এইচবিও, অ্যামাজন প্রাইম ভিডিওসহ আরও কয়েকটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম বাজারে আসায় চরম প্রতিযোগিতার মুখে পড়ে প্রতিষ্ঠানটি। এতে কমে যায় জনপ্রিয় এ স্ট্রিমিং সাইটটির রাজস্ব। লোকসান ঠেকাতে কর্মী ছাঁটাইয়ের ঘোষণাও দেয় নেটফিক্স। তবে এবার গ্রাহকদের জন্য সাবস্ক্রিপশন ফি কমানোর ঘোষণা দিল ওটিটি প্ল্যাটফর্মটি। নেটফ্লিক্সের প্রতি আগ্রকদের আগ্রহ বাড়াতেই এশিয়া, ইউরোপ, মধ্যে আমেরিকা ও মধ্যপ্রাচ্যের ৩০টি দেশের জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরমধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ক্রোয়েশিয়া, ভেনিজুয়েলা, কেনিয়া ও ইরানে সাবস্ক্রিপশন চার্জ কমানো হয়েছে।
নেটফ্লিক্সের মুখপাত্রের বরাতে যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসি জানায়, দেশের ওপর ভিত্তি করে কমানো হয়েছে ফি। কোনো কোনো দেশে কমেছে অর্ধেক। তবে কোন দেশের জন্য সাবস্ক্রিপশন ফি কত নির্ধারণ করা হয়েছে তা এখনও নেটফ্লিক্সের পক্ষ থেকে জানানো হয়নি। এ ছাড়া পরে অন্য দেশগুলোতেও ফি কমানো হবে কিনা তাও জানায়নি প্রতিষ্ঠানটি। বর্তমানে ১৯০টিরও বেশি দেশে নেটফ্লিক্সের গ্রাহক রয়েছে। সম্পাদনা: খালিদ আহমেদ