স্পোর্টস ডেস্ক : ক্ষুব্ধ রশিদ খান। নিজের দেশের ক্রিকেট বোর্ডের আচরণে অসন্তুষ্ট বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। রশিদের অভিযোগ, তাঁকে না জানিয়েই টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছেন ইব্রাহিম জ়াদরান। দল ঘোষণার সময় আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানায়, টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করা হয়েছে জ়াদরানকে। রশিদের দাবি, তিনিও সেই ঘোষণার সময়ই নেতৃত্ব হারানোর কথা জেনেছেন।
একটি ক্রিকেট ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ বলেছেন, ‘‘কী হয়েছিল, আমি তা-ও জানি না। বোর্ড যখন ঘোষণা করল, তখন জানতে পারি আমি আর অধিনায়ক নই। নেতৃত্ব বদল করা হয়েছে। আমায় আগে কিছুই জানানো হয়নি।’’ জ়াদরানের নেতৃত্বে খেলতে তাঁর সমস্যা নেই বলেও জানিয়েছেন।
উল্লেখ্য, রশিদের নেতৃত্বে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ভাল ফল করতে না পারলেও ২০২৪ সালের বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল। ৪৮টি টি-টোয়েন্টি ম্যাচে রশিদ নেতৃত্ব দিয়েছেন আফগানিস্তানকে। তার মধ্যে ২৬টি ম্যাচে জিতেছেন আফগানেরা। হার ২২টি।
নেতৃত্ব হারিয়ে কিছুটা হতাশ রশিদ। তিনি বলেছেন, ‘‘আমার নেতৃত্বে আফগানিস্তান বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে। আমরা ওয়েস্ট ইন্ডিজ়ের মতো দলকে হারিয়েছি। কিন্তু কিছু বিষয় নিয়ন্ত্রণ করা যায় না। অধিনায়ক না থাকলেও সামনে এগোতে চাই। অধিনায়ক থাকলাম কিনা, এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ নয়। আফগানিস্তানের প্রতিনিধিত্ব করতে পারছি। এর জন্যই আমি গর্বিত। আমার সব দক্ষতা দিয়ে দলকে সাহায্য করে যাব।’’ তিনি আরও বলেছেন, ‘‘ভাল পারফর্ম করা এবং দলের জয়ে অবদান রাখতে পারি আমি। এটা আমার নিয়ন্ত্রণে রয়েছে।
নেতৃত্বের দায়িত্ব হারালেও আফগানিস্তানের জন্য সব সময় নিজের ১০০ শতাংশ দিতে চান। সতীর্থদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান রশিদ। তিনি বলেছেন, ‘‘আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নিজেদের উপর বিশ্বাস রাখা। ভারতকেও হারাতে পারি, এটা আমাদের বিশ্বাস করতে হবে।
আমরা ভারতের কাছে অনেক বার হেরেছি। আমাদের ক্রিকেটারে জানে, আমরা কখনও ভারতকে হারাতে পারিনি। এটা হতাশার। ভারতের বিরুদ্ধে আমরা যেন দিশাহারা হয়ে পড়ি।’’ রশিদ বিশ্বাস করেন, ভারতকে হারানোর মতো জায়গায় পৌঁছোবে আফগানিস্তানের ক্রিকেট।