শিরোনাম
◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সল বিজয়ী ◈ সরকারি কর্মচারীদের বাসা সাবলেট বন্ধের নির্দেশ, ভাড়াটিয়া সরানোর শেষ সময় ৩১ অক্টোবর ◈ সাঁতারে দ্বিতীয় দি‌নে ৮ রেকর্ড ◈ আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে জাতিসংঘে শেখ হাসিনার আবেদন ◈ কর্ণফুলী নদীতে নির্মিত হচ্ছে দেশের প্রথম চার লেনের ক্যাবল-স্টেইড সেতু ◈ যান্ত্রিক ত্রুটি সারানো হয়েছে, প্রধানমন্ত্রীকে নিয়ে ঢাকার পথে বিমান ◈ প্রথম সেটে ধাক্কা, ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের সোনা জয় ◈ কে এই তাহসিফ সাউরি, তাকে নিয়ে কেন এত আলোচনা? বিমানবাহিনী থেকে অবসর কেন? ◈ বাসা থেকে তাহসিফকে নিয়ে যাওয়ার বিষয়ে মুখ খুললেন দীপ, মিলল সিসিটিভি ফুটেজ ◈ মন্টেনেগ্রোকে ৪-০ গোলে হা‌রি‌য়ে জু‌নিয়র বিশ্বকা‌পের সেমিফাইনালে বাংলাদেশ

প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৮:০৮ রাত
আপডেট : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪৯ রাত

প্রতিবেদক : এল আর বাদল

জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে বাংলাদেশের গোল উৎসব, হংকংয়ের জালে ৬ গোল 

স্পোর্টস ডেস্ক : মুক্ত বিহ‌ঙ্গের ম‌তো উড়‌ছে বাংলা‌দেশ নারী দল। চীনের মাটিতে অনূর্ধ্ব-২১ জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ এক বার্তা দিল দলটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে শক্তিশালী হংকং চায়নাকে ৬-০ গোলে উড়িয়ে দিয়ে চ্যালেঞ্জার্স গ্রুপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) মোকি শহরের মরিন দাওয়া স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। একের পর এক আক্রমণে হংকংয়ের রক্ষণভাগকে চাপে রাখে বাঘিনীরা।

এর ফলও আসে দ্রুত। ম্যাচের ৯ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন অধিনায়ক শারিকা রিমন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি দলকে। ১৯ মিনিটে ব্যবধান ২-০ করেন আইরিন আক্তার রিয়া।

দুর্দান্ত এক ফিল্ড গোল থেকে আসে তার এই গোল। মাত্র সাত মিনিট পর, ২৬ মিনিটে বাংলাদেশের তৃতীয় গোলটি করেন কনা আক্তার। প্রথমার্ধ শেষ হওয়ার আগে আর গোল না হলেও ৩-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে ফিরে আরও ভয়ংকর হয়ে ওঠে বাংলাদেশের আক্রমণ।

Advertisement

৩১ মিনিটে মোসাম্মত লিমার গোলে স্কোরলাইন হয় ৪-০। এর দুই মিনিট পরই আবার গোলের দেখা পান আইরিন আক্তার রিয়া। ৩৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

এরপরও হংকংয়ের ওপর চাপ কমায়নি বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৪৮ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন মোসাম্মত লিমা।

তার গোলে ৬-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত করে বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়ে চ্যালেঞ্জার্স গ্রুপে চার ম্যাচের চারটিতেই জয় পেল বাংলাদেশ। পুরো গ্রুপ পর্বে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও অর্জন করল লাল-সবুজের দল।

চীনের মাটিতে এমন দাপুটে পারফরম্যান্স বাংলাদেশের নারী হকির জন্যও নিঃসন্দেহে বড় অর্জন। টানা চার ম্যাচে জয় এবং শেষ ম্যাচে ছয় গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে টুর্নামেন্টে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে বাঘিনীরা।