স্পোর্টস ডেস্ক : টেনিসের সব কীর্তিমানদের সামনে ইন্টারন্যাশনাল টেনিস হল অব ফেমে অন্তর্ভুক্ত হলেন আরেক কিংবদন্তি রজার ফেদেরার। অসাধারণ এই প্রাপ্তিকে তিনি বর্ণনা করলেন ‘জীবনের সবচেয়ে সেরা মুহূর্তগুলোর একটি’ হিসেবে।
যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডের নিউপোর্টে রোববারের এই অনুষ্ঠানে বিলি জিন কিং ও জন ম্যাকেনরোসহ উপস্থিত ছিলেন খেলাটির আরও অনেক তারকা। তাদের সামনে এত বড় সম্মান পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এককে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার। ফিরে তাকান সাফল্যে ভরা ক্যারিয়ারের দিকে।
১৯৯৮ সালে ১৬ বছর বয়সে মূল ট্যুর প্রতিযোগিতায় অভিষেকের পর, টেনিস কোর্টে অবিশ্বাস্য এক সফর শেষে ২০২২ সালে ক্যারিয়ারের ইতি টানেন ফেদেরার। উইম্বলডনে রেকর্ড আটবার চ্যাম্পিয়ন হন তিনি। এছাড়া ছয়টি অস্ট্রেলিয়ান ওপেন, পাঁচটি ইউএস ওপেন ও একটি ফরাসি ওপেন জেতেন এই সুইস তারকা। -- বিডিনিউজ
অনেক অনেক অর্জনের পরও এদিনের প্রাপ্তি যে কত বড়, সেটাই ফুটে উঠল ফেদেরারের কণ্ঠে আমার জীবনের সবচেয়ে সম্মানের অর্জনগুলোর একটি এটি।
তারা এটাকে হল অব ফেম বলে, কিন্তু খ্যাতি অর্জন কখনোই লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য ছিল জীবনটা এমন কিছু করে কাটানো যেটা করতে আমি ভালোবাসি, সেইসব মানুষদের সঙ্গে কাটানো এই খেলাকে আমার মতোই যারা ভালোবাসে।