স্পোর্টস ডেস্ক : সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচকে সামনে রেখে টমাস ডুলির প্রাথমিক দলে ডাক পাওয়া আনিসুর রহমান জিকো এবার ফিরেছেন জাতীয় দলে। দুই বছর পর লাল-সবুজের জার্সি জড়ানোর অপেক্ষায় এখন এই গোলকিপার।
শনিবার জিকোকে ফিরিয়ে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন ডুলি। প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন মোট সাত জন। এই তালিকায় আছেন রক্ষণভাগের রহমত মিয়া, আব্দুল্লাহ ওমার, শাকিল হোসেন ও মঞ্জুরুর রহমান। অন্যদিকে আক্রমণভাগ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ ইব্রাহিম, মিরাজুল ইসলাম ও মিনহাজুল করিম।
সাবেক কোচ হাভিয়ের কাবরেরার অধীনে ২০২৪ সালে দল থেকে বাদ পড়েছিলেন জিকো। ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ সেমি-ফাইনাল থেকে বাদ পড়লেও টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছিলেন তিনি।
২৮ বছর বয়সী এই গোলকিপার বাদ পড়ার পর থেকে পোস্ট সামলাচ্ছিলেন মিতুল মারমা। তবে সাম্প্রতিক সময়ে জাতীয় দলের হয়ে খুব একটা ভালো করতে পারেননি তিনি।
আগামী শুক্রবার ফিফা র্যাঙ্কিংয়ের সবশেষ অবস্থানে থাকা সান মারিনোর বিপক্ষে মাঠে নামবে হামজা-জামালরা। এটি হতে যাচ্ছে ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম কোনো ম্যাচ।
ম্যাচটি খেলতে রোববার দুপুরে ঢাকা ছাড়বে ফিফা র্যাঙ্কিংয়ের ১৮১ নম্বরে থাকা বাংলাদেশ। তিন প্রবাসী ফুটবলার – শমিত সোম, জায়ান আহমেদ ও হামজা চৌধুরী নিজ নিজ অবস্থান থেকে মঙ্গলবার সরাসরি সান মারিনোতে দলের সঙ্গে যোগ দেবেন।
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ দল
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, আনিসুর রহমান জিকো
ডিফেন্ডার: তারিক রায়হান কাজি, তপু বর্মন, শাকিল আহাদ তপু, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, তাজ উদ্দিন, ইসা ফয়সাল
মিডফিল্ডার: জামাল ভুইয়া, মো. সোহেল রানা, সোহেল রানা, হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, শেখ মোরসালিন, সৈয়দ কাজিম কিরমানি শাহ
ফরোয়ার্ড: ফাহামিদুল ইসলাম, শাহারিয়ার ইমন, ফয়সাল আহমেদ ফাহিম ও রফিকুল ইসলাম