স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো বিগ ব্যাশ লিগ খেলতে গিয়েই দারুণ এক স্বীকৃতি পেয়েছেন রিশাদ হোসেন। অভিষেক মৌসুমে বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন হোবার্ট হারিকেন্সের বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বাংলাদেশের এই লেগ স্পিনার।
বুধবার ক্রিকেট তাসমানিয়ার ছেলেদের বর্ষসেরা বিগ ব্যাশ ক্রিকেটারের এই খেতাব জেতেন রিশাদ। অস্ট্রেলিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের রাজ্য তাসমানিয়ার বিগ ব্যাশের দল হলো হোবার্ট হারিকেন্স। --- অল আউট স্পোর্টস
বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিততে হারিকেন্স অধিনায়ক ন্যাথান এলিস, ইংলিশ অলরাউন্ডার ক্রিস জর্ডার্ন ও নিখিল চৌধুরীকে পেছনে ফেলেন রিশাদ।
২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা রিশাদকে সে মৌসুমের জন্য দলে নিয়েছিল হারিকেন্স। কিন্তু বিসিবি থেকে অনাপত্তিপত্র না পাওয়ায় সেবার খেলতে যেতে পারেননি তিনি। এরপর ২০২৫-২৬ মৌসুমের আসরেও রিশাদকে দলে নেয় হারিকেন্স। এবার বিসিবি থেকে পুরো মৌসুমের জন্য অনাপত্তিপত্র পেয়ে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে আলো ছড়ান এই লেগ স্পিনার।
টুর্নামেন্টে ১২ ম্যাচে ওভারপ্রতি ৭ দশমিক ৮২ করে রান দিয়ে ১৫ উইকেট নেন রিশাদ। আসর শেষ করেন দলের সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে। এছাড়া স্পিনার হিসেবে যৌথভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারও তিনি।
রিশাদের সঙ্গে সেরার লড়াইয়ে থাকা এলিস ১৪ উইকেট নেন ৯ ম্যাচ খেলে। ডানহাতি এই পেসার ওভারপ্রতি রান দেন ৯ দশমিক ০৩ করে। ওভারপ্রতি সাড়ে ৮ করে রান দিয়ে ১২ ম্যাচে ৭ উইকেট নেন জর্ডান। আর ১১ ইনিংসে ১৫৩ দশমিক ৫০ স্ট্রাইক রেটে ৩০৭ রান করেন নিখিল।