স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না পাকিস্তান। দেশটির সরকার এমন ঘোষণা দেওয়ার পর শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা নিজেদের মতো করে দিচ্ছেন মতামত। ভারত-পাকিস্তান ইস্যু নিয়ে এবার আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান জানিয়েছেন শহীদ আফ্রিদি।
এক্স হ্যান্ডলে আফ্রিদি লিখেছেন, আমি সব সময় বিশ্বাস করি, রাজনীতি যেখানে দরজা বন্ধ করে দেয়, ক্রিকেট সেখানে নতুন দরজা খুলে দিতে পারে। দুঃখজনকভাবে পাকিস্তান এবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না। আমি আমার সরকারের সিদ্ধান্তকে সমর্থন করি। ---- ডেইলি ক্রিকেট
এখন আইসিসির উচিত এটা প্রমাণ করা যে–কথার মাধ্যমে নয়, সিদ্ধান্তের মাধ্যমে যে তারা নিরপেক্ষ, স্বাধীন এবং সব সদস্য দেশের প্রতি ন্যায়সঙ্গত।
টানাপোড়েনের শুরু বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স তাদের স্কোয়াড থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর। যার জেরে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শ্রীলঙ্কায় খেলতে আইসিসির কাছে অনুরোধ করে তারা। তবে আইসিসি সেই দাবি মেনে নেয়নি। উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে তারা।
বাংলাদেশকে বাদ দেওয়া অন্যায় হচ্ছে বলে তখন মন্তব্য করেছিলেন পিসিবি প্রেসিডেন্ট মহসিন নাকভি। তখনই তিনি ইঙ্গিত দিয়েছিলেন বিশ্বকাপ নিয়ে কঠিন সিদ্ধান্তের। যেটি শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটে গিয়ে ঠেকেছে।
গত বছর এজবাস্টনে অনুষ্ঠিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানিয়েছিল ভারতের সাবেক ক্রিকেটাররা।
ক্রীড়াঙ্গনে রাজনীতি প্রবেশ করায় সে সময়ও ক্ষোভ প্রকাশ করেছিলেন আফ্রিদি, ‘খেলাধুলা মানুষকে কাছাকাছি আনে। কিন্তু যদি সব কিছুর মধ্যে রাজনীতি ঢুকে পড়ে, তাহলে আমরা কীভাবে এগোবে? কখনও কখনও একটি ‘খারাপ ডিম’ সবার জন্য পরিস্থিতি নষ্ট করে দেয়।