আসাদুজ্জামান সম্রাট: [২] স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম সংসদকে জানিয়েছেন, অর্থের সংস্থান হলে সংসদ সদস্যদের থোক বরাদ্দের টাকা ২০ কোটি থেকে বাড়িয়ে ৫০ কোটি টাকা করার পরিকল্পনা রয়েছে।
[৩] মন্ত্রী রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য মো. মহিউদ্দিন মহারাজের লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান। একাদশ জাতীয় সংসদ পর্যন্ত প্রতিজন সংসদ সদস্য নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়নে ২০ কোটি টাকা করে বরাদ্দ পেতেন। যা নির্বাচনী এলাকার উন্নয়নে অপ্রতুল মনে করছেন সংসদ সদস্যরা।
[৪] নবম জাতীয় সংসদ নির্বাচনের পর গ্রামীন অবকাঠামো উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের জন্য অগ্রাধিকারভিত্তিতে গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো ঊন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। এর তৃতীয় পর্বের কাজ সমাপ্ত হয়েছে।
[৫] চতুর্থ দফায় এ প্রকল্পের জন্য বরাদ্দ বাড়ানোর দাবি উঠেছে। দ্রব্যমূল্যের ঊর্ধগতি ও সময়ের চাহিদার প্রেক্ষিতে এর বরাদ্দ বৃদ্ধির বিষয়টি সময়ের দাবি।
[৬] রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদের অপর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী সংসদকে আরো জানান, চলতি অর্থবছরে দেশব্যাপী পল্লী এলাকায় ৪ হাজার ৯৩০ কিলোমিটার সড়কের উন্নয়ন করা হয়েছে। এছাড়া রক্ষণাবেক্ষণ করা হয়েছে ২১ হাজার মিটার ব্রিজ ও কালভার্ট। ১৯ হাজার মিটার ব্রিজ/কালভার্ট রক্ষণাবেক্ষণ করা হয়েছে।
[৭] তিনি আরো জানান, ৯০টি গ্রোথ সেন্টার/হাটবাজারের উন্নয়ন, ৫০টি বহুমুখী সাইক্লোন শেল্টার নির্মান, ২৫টি উপজেলা কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়েছে। ৫০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ ও সংস্কার, ১২০টি রেগুলেটর নির্মাণসহ বহুবিধ উন্নয়ন ও সংস্কারের পরিকল্পনা রয়েছে। সম্পাদনা: এল আর বাদল
এএস/এলআরবি/এসবি২