জমির ভূমি উন্নয়ন কর বা খাজনা পরিশোধের জন্য এখন আর সরাসরি ভূমি অফিসে যাওয়ার প্রয়োজন নেই। অনলাইনে ঘরে বসেই ভূমি উন্নয়ন কর পরিশোধ করা এবং কর পরিশোধের দাখিলা বা রশিদ সংগ্রহ করা যায়। এ জন্য ভূমি মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন সেবা ব্যবহার করে প্রথমে নিবন্ধন, এরপর জমির খতিয়ান যুক্ত ও অনুমোদন করিয়ে কর পরিশোধ করতে হবে।
অনলাইনে ঘরে বসে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ এবং দাখিলা সংগ্রহের সম্পূর্ণ নিয়ম নিচে ধাপে ধাপে তুলে ধরা হলো:
১. রেজিস্ট্রেশন ও লগইন
যেকোনো ব্রাউজারে গিয়ে land.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন।
ওপরের ডান দিক থেকে ‘লগইন’ মেনুতে গিয়ে ‘রেজিস্ট্রেশন’ > ‘নাগরিক/সংস্থা’ সিলেক্ট করুন।
জাতীয় পরিচয়পত্র (NID) অনুযায়ী নাম, সচল মোবাইল নম্বর ও ক্যাপচা কোড দিয়ে সাবমিট করুন।
ফোনে আসা ওটিপি (OTP) কোড দিন এবং নতুন একটি পাসওয়ার্ড সেট করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন।
এরপর আপনার মোবাইল নম্বর ও পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টে লগইন করুন।
প্রোফাইল ভেরিফাই করার জন্য NID ও জন্মতারিখ দিয়ে প্রোফাইল আপডেট করে নিন।
২. খতিয়ান যুক্ত করা
ড্যাশবোর্ড থেকে ‘ভূমি উন্নয়ন কর’ অপশনে ক্লিক করুন।
মেনু থেকে ‘খতিয়ান’ অপশনে গিয়ে ‘নতুন খতিয়ান তথ্য প্রদান করতে ক্লিক করুন’ বাটনে চাপুন।
এরপর জমির বিভাগ, জেলা, উপজেলা, মৌজা এবং জরিপের ধরন (CS, RS, SA, BS ইত্যাদি) সিলেক্ট করুন।
খতিয়ান নম্বর লিখে ‘যাচাই’ বাটনে ক্লিক করুন।
হোল্ডিং নম্বর ও মালিকানার ধরন সিলেক্ট করে খতিয়ানের ছবি/স্ক্যান কপি (JPG বা PDF, সর্বোচ্চ ২ MB) আপলোড করে ‘সংরক্ষণ’ বাটনে ক্লিক করুন।
সংশ্লিষ্ট ভূমি অফিস থেকে খতিয়ানটি অনুমোদিত (Approved) হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
৩. কর বা বকেয়া যাচাই
খতিয়ান অনুমোদিত হলে বাঁ পাশের মেনু থেকে ‘হোল্ডিং তালিকা’-তে যান।
আপনার হোল্ডিংয়ের ডান পাশে থাকা ‘আই’ (Eye/বিস্তারিত) বাটনে ক্লিক করুন।
এখানে জমির তফসিল, সর্বশেষ কর পরিশোধের সাল এবং বর্তমান মোট বকেয়া/দাবির পরিমাণ দেখতে পাবেন।
৪. অনলাইনে কর পরিশোধ
বিস্তারিত পেজের নিচে থাকা ‘পেমেন্ট (ই-পেমেন্ট)’ বাটনে ক্লিক করুন।
পেমেন্ট সংক্রান্ত সতর্কবার্তা পড়ে ‘ই-পেমেন্ট করুন’ অপশনে চাপুন।
এরপর পেমেন্ট গেটওয়ে আসবে; সেখান থেকে সুবিধাজনক মাধ্যম (যেমন: বিকাশ, নগদ, রকেট ইত্যাদি) নির্বাচন করুন।
মোবাইল ব্যাংকিং নম্বর, ওটিপি (OTP) ও পিন দিয়ে পেমেন্ট সফলভাবে সম্পন্ন করুন।
৫. দাখিলা (রশিদ) সংগ্রহ ও ডাউনলোড
পেমেন্ট সফল হওয়ার সাথে সাথে স্ক্রিনে কর পরিশোধের ডিজিটাল দাখিলা (রশিদ) চলে আসবে। ওপরের ‘প্রিন্ট’ বাটনে ক্লিক করে এটি প্রিন্ট বা PDF হিসেবে সংরক্ষণ করে রাখুন।
পরবর্তীতে যেকোনো সময় দাখিলা ডাউনলোড করতে চাইলে ড্যাশবোর্ডের মেনু থেকে ‘দাখিলা’ অপশনে যান এবং সংশ্লিষ্ট চালানের পাশে থাকা ‘বিবরণ’-এ ক্লিক করে তা সংগ্রহ করতে পারবেন।
কোনো কারণে পেমেন্ট সফল হওয়ার পর দাখিলা না আসলে ‘পেমেন্ট রিকনসিলেশন’ মেনুতে গিয়ে সেটি যাচাই করে দাখিলা সংগ্রহ করা যাবে।