মনিরুল ইসলাম : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর চার দিনের সফরকে “অত্যন্ত সফল ও ফলপ্রসূ” হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। তিনি বলেছেন, এই সফরের মাধ্যমে বাংলাদেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও সম্ভাবনাকে বিশ্বমানচিত্রে দৃঢ়ভাবে তুলে ধরা হয়েছে, ফলে আন্তর্জাতিক অঙ্গনে দেশের আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয় ও আত্মমর্যাদা নতুন উচ্চতায় পৌঁছেছে।
আজ রোববার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় জাতিসংঘ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে ফেরেন।
মাহ্দী আমিন বলেন, দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত কোনো সরকারপ্রধান বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন, যা দেশের জন্য একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। তিনি জানান, বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন।
তিনি আরও জানান, স্বল্প সময়ের এই সফরে প্রধানমন্ত্রী প্রায় ৩০টি কর্মসূচিতে অংশ নেন। এর মধ্যে ৮টি জাতিসংঘের প্রধান ইভেন্টে উপস্থিতি এবং ৭টিতে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। প্রধানমন্ত্রীর ভাষণকে “ঐতিহাসিক” উল্লেখ করে তিনি বলেন, এতে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তা, তরুণ ও নারীসহ বিভিন্ন খাতে সুনির্দিষ্ট পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
সফরের অংশ হিসেবে সর্বজনীন স্বাস্থ্যসেবা ও রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশ নিজ উদ্যোগে দুটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান আয়োজন করে বলেও জানান তিনি। পাশাপাশি পরিবেশ ও স্বাস্থ্যসেবা বিষয়ক বৈশ্বিক ইভেন্টেও অংশ নেন প্রধানমন্ত্রী।
ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরে মাহ্দী আমিন বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বাংলাদেশ ‘ওয়াকআউট’ করে প্রতিবাদ জানিয়েছে, যা বিশ্ব শান্তির পক্ষে দেশের সুস্পষ্ট অবস্থানকে তুলে ধরে।
তিনি আরও জানান, সফরকালে ১১টি দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এসব আলোচনায় বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
বোয়িং থেকে উড়োজাহাজ ক্রয় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, এটি কোনো চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয়; বরং দ্বিপাক্ষিক স্বার্থের ভিত্তিতে নেওয়া হয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘স্ট্র্যাটেজিক সিভিল নিউক্লিয়ার কো-অপারেশন’ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে।
জ্বালানি নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট নিয়েও আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক অগ্রগতির কথা জানান মাহ্দী আমিন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে জ্বালানি সহযোগিতা এবং আসিয়ানভুক্ত দেশসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে।
দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে মিরপুরে একটি স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও তুলে ধরেন তিনি। জানান, ইতোমধ্যে নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এ ধরনের ঘটনায় সরকার কঠোর অবস্থানে রয়েছে।
মাহ্দী আমিন বলেন, দেশে আইনশৃঙ্খলা বাহিনী অত্যন্ত তৎপর রয়েছে এবং যে কোনো অস্থিতিশীলতা কঠোরভাবে দমন করা হবে।
ব্রিফিংয়ে এ সময় প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক উপস্থিত ছিলেন।