শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৭ রাত
আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক

২০২৬-২৭ অর্থবছরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে মোট ৪৪টি প্রকল্প চলমান রয়েছে। এসব প্রকল্পে মোট ৩ হাজার ৫১৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) অধীনে ৬টি প্রকল্পে সর্বোচ্চ ১ হাজার ৩১৪ কোটি ৩৬ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব তথ্য উপস্থাপন করা হয়। কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপির সভাপতিত্বে বৈঠকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এমপিসহ কমিটির সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

advertisement

বৈঠকে শহরাঞ্চলে খেলার মাঠ ও পার্কের সংকট নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এ বিষয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে যৌথভাবে কাজ করা হচ্ছে বলে জানান গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের।

বৈঠকে ঢাকাকে একটি মডেল সিটি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ধাপে ধাপে সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে পুরান ঢাকার পুনর্গঠন ও আধুনিকায়নের জন্য একটি পাইলট প্রকল্প নেওয়ার কথা জানানো হয়।

advertisement

সরকারের অগ্রাধিকারমূলক কাজের অংশ হিসেবে সারা দেশে প্রায় সাড়ে তিন লাখ বর্গফুট ছাদে সৌর প্যানেল স্থাপনের কাজ চলছে বলে বৈঠকে জানান মন্ত্রী।

এ ছাড়া সরকারি ভবনগুলোর ভূমিকম্প সহনশীলতা নির্ণয় এবং প্রয়োজনীয় সংস্কারের জন্য একটি প্রকল্প চলমান রয়েছে। ৪২টি জেলায় সরকারি ভবনগুলোর ভূমিকম্প সহনশীলতা নির্ণয়ের জন্য নতুন প্রকল্প নেওয়া হবে বলেও বৈঠকে জানানো হয়।

advertisement

পরিত্যক্ত ও বিতর্কিত প্লটের জটিলতা নিরসনে কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করে ন্যায্যতা ও আইনের ভিত্তিতে বিষয়গুলো নিষ্পত্তির সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগীদের অধিকার নিশ্চিত করার পাশাপাশি ভূমি দখলদারদের কাছ থেকে জাতীয় সম্পত্তি উদ্ধারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

স্বচ্ছতা নিশ্চিত করতে ল্যান্ড ব্যাংক বা ভূমি তথ্যভাণ্ডার গড়ে তোলার লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে বলে বৈঠকে জানানো হয়। এ ক্ষেত্রে অটোমেশনের কাজও প্রক্রিয়াধীন রয়েছে।

রাজউকের প্ল্যান পাসে ওয়ান স্টপ সার্ভিস

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা নিরসন করে ওয়ান স্টপ সার্ভিস চালুর ওপর গুরুত্ব দেওয়া হয়। চলমান কক্সবাজার মাস্টারপ্ল্যান উন্নয়নমুখী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে সতর্ক থাকার জন্য বৈঠকে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়।

সংসদ ভবনে পানি পড়ার বিষয়েও আলোচনা

বিবিধ আলোচনায় জাতীয় সংসদ ভবনের বিভিন্ন স্থানে বর্ষাকালে পানি পড়ার বিষয়টি তুলে ধরেন কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা। বিষয়টির প্রতি বিশেষ নজর দেওয়ার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

সভাপতি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এবং আইনের শাসন সমুন্নত রেখে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে সততার সঙ্গে একযোগে কাজ করতে হবে। জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে কমিটির সদস্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মো. লুৎফুজ্জামান বাবর, মো. মোশারফ হোসেন, শেখ মজিবুর রহমান ইকবাল ও ফেরদৌসী আহমেদ অংশ নেন। এ ছাড়া মন্ত্রণালয়ের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তারা, অধীন দপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উৎস: কালবেলা।

 

  • সর্বশেষ