মনিরুল ইসলাম : আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিস বাংলাদেশের ঋণমানের আউটলুক ‘নেগেটিভ’ থেকে ‘স্টেবল’-এ উন্নীত করায় দেশের অর্থনীতি, বিনিয়োগ ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন। তিনি বলেছেন, গ্যাস সরবরাহ পরিস্থিতিতেও দৃশ্যমান উন্নতি হয়েছে এবং এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আজ বুধবার ১৬ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের সাম্প্রতিক কার্যক্রম তুলে ধরতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।
মাহাদী আমিন জানান, জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে সরকার ধাপে ধাপে ৩০০টি নতুন গ্যাসকূপ খননের পরিকল্পনা নিয়েছে। পাশাপাশি বিদ্যমান দুটি এফএসআরইউ বাড়িয়ে পাঁচটিতে উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৮ সালের আগেই তৃতীয় এলএনজি টার্মিনাল চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। টোটাল এনার্জিস থেকে ১৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন এবং ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আন্তর্জাতিক অর্থায়নের বিষয়টিও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, সরকারের কার্যক্রমকে সাতটি অগ্রাধিকার খাতে ভাগ করে বাস্তবায়ন করা হচ্ছে। তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ৫০ কোটি টাকার বিশেষ তহবিল, জামানতবিহীন সুদমুক্ত ঋণ, স্টার্টআপ সহায়তা এবং বাংলাদেশ ইনোভেশন ফেয়ার আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি প্রায় ৪৫ লাখ মানুষকে দক্ষতা প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে।
জনকল্যাণমূলক উদ্যোগের অংশ হিসেবে জাতীয় পে-স্কেল ২০২৬ অনুমোদন, পেনশন বৃদ্ধি, ফ্যামিলি ও কৃষক কার্ড সম্প্রসারণ এবং সাংবাদিক কল্যাণ ট্রাস্টের তহবিল বৃদ্ধি করা হয়েছে। রাজধানীর বস্তি পুনর্বাসনে আধুনিক আবাসন প্রকল্প বাস্তবায়নের কথাও জানান তিনি।
জ্বালানি ও বিদ্যুৎ খাতে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা, ডিজেলচালিত সেচপাম্প সৌরশক্তিতে রূপান্তর এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প এগিয়ে নেওয়ার কথা তুলে ধরেন মাহাদী আমিন। কৃষি খাতে পর্যাপ্ত সার মজুত এবং উৎপাদন অব্যাহত রাখার বিষয়টিও তিনি উল্লেখ করেন।
স্বাস্থ্য খাতে বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, ডায়ালাইসিস সেবা সম্প্রসারণ, ই-হেলথ প্ল্যাটফর্ম চালু এবং ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব শালেহ শিবলী বলেন, সরকার জনগণের সেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি প্রতিদিন অন্তত পাঁচ মিনিট নিজের আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেন।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, বৈদেশিক ঋণের চাপ নিয়েই সরকার দায়িত্ব নিয়েছে। তাই সমালোচনার পাশাপাশি সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি। গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণে মনিটরিং সেল গঠন করা হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে গুজব ও অপতথ্য যাচাইয়ে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।