মনিরুল ইসলাম : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে এসে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন জহির উদ্দিন স্বপন। দায়িত্ব গ্রহণের পর তিনি জানিয়েছেন, দেশের চলমান রাষ্ট্র সংস্কার কার্যক্রমকে সফল করতে শক্তিশালী ও প্রাতিষ্ঠানিক গণমাধ্যম গড়ে তোলাই হবে তার অন্যতম অগ্রাধিকার।
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গৌরনদীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। নতুন দায়িত্ব প্রসঙ্গে স্বপন বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজনৈতিক উপদেষ্টা বানিয়েছেন। আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী। এতো বড় দায়িত্ব পালন করতে পারব কি না জানি না, তবে আন্তরিকভাবে চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী, রাষ্ট্র ও সরকার আমাকে মন্ত্রী হিসেবে দায়িত্ব, মর্যাদা ও পতাকা দিয়েছেন। এখন আমি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছি। একই সঙ্গে আমাকে পরিকল্পনা মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির সভাপতির দায়িত্বও দেওয়া হয়েছে। এত বড় দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারব কি না—সেটি নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।”
নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “অনেকে আমার বাড়িতে মিষ্টি ও ফুল নিয়ে আসেন, আবার কেউ কেউ আমাকে মন্ত্রী থেকে সরানোয় আবেগপ্রবণ হয়ে পড়েন। কিন্তু আমি বিষয়গুলোকে ভিন্নভাবে দেখি। তারা আমাকে একজন রাজনীতিক হিসেবে না দেখে মন্ত্রী বা উপদেষ্টা হিসেবে দেখেন।”
জহির উদ্দিন স্বপন বলেন, তিনি প্রধানমন্ত্রীর পাশে থেকে তার হাতকে শক্তিশালী করতে কাজ করবেন এবং দেশকে একটি আধুনিক ও যুগোপযোগী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে একজন নিবেদিত কর্মীর ভূমিকা পালন করবেন।
এদিকে, সরকারি প্রজ্ঞাপনে জানানো হয়েছে, তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে তিনি মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা ভোগ করবেন।
নতুন দায়িত্ব নিয়ে প্রতিক্রিয়ায় স্বপন বলেন, সরকারের শুরু করা সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নে সমন্বিত রাজনৈতিক দিকনির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উল্লেখ্য, বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। গণমাধ্যম ও দলীয় যোগাযোগ ব্যবস্থাপনায় তার অভিজ্ঞতা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, উপদেষ্টা হিসেবে তার এই অভিজ্ঞতা সরকারের নীতি নির্ধারণে ইতিবাচক ভূমিকা রাখবে।
সরকার গঠনের প্রায় ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় এই রদবদলের মাধ্যমে তাকে উপদেষ্টা পদে আনা হয়েছে।