মনিরুল ইসলাম: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
আজ বুধবার স্পীকারের কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক ইস্যু ও পারস্পরিক সহযোগিতা জোরদারের নানা দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে স্পীকার বলেন, বাংলাদেশ-ভারত সম্পর্ক সবসময় বিভিন্ন বাস্তবতা ও প্রেক্ষাপটের মধ্য দিয়ে এগিয়েছে। তিনি উল্লেখ করেন, অতীতের রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণে দুই দেশের সম্পর্ক অনেক সময় সরকারকেন্দ্রিক হয়ে পড়েছিল। তবে বর্তমানে জনগণের অংশগ্রহণ ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে সম্পর্ক এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, দুই দেশের জনগণের মধ্যকার পারস্পরিক যোগাযোগ ও আস্থা বৃদ্ধিই টেকসই সম্পর্কের ভিত্তি হতে পারে। সার্বভৌমত্ব ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশ-ভারত সম্পর্ককে ভবিষ্যতে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে জনগণকেন্দ্রিক সম্পর্ক গড়ে তুলতে ভারত সরকার আগ্রহী। জনগণের প্রত্যাশা পূরণে পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দেন তিনি।
সাক্ষাতে দুই দেশের মধ্যে সংসদীয় প্রতিনিধিদলের সফর বিনিময়, রোহিঙ্গা সংকট ও এর টেকসই সমাধান, পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক আদান-প্রদান জোরদারের বিষয়ে মতবিনিময় হয়। এ সময় ভারতের লোকসভার স্পীকারের পক্ষ থেকে বাংলাদেশের স্পীকারকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়।
বৈঠকে ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ উভয় পক্ষের ঊর্ধ্বতন ব্যক্তিরা উপস্থিত ছিলেন।