মনিরুল ইসলাম: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলমান থাকলেও এখনো সফরের নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের কোনো সম্ভাবনা নেই।
আজ মঙ্গলবার ১ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। তিনি বলেন, “প্রধানমন্ত্রী অবশ্যই ভারত সফর করবেন। এ সফর নিয়ে আলোচনা আবারও শুরু হয়েছে। তবে সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি।
ভারতে গত ২৯ আগস্ট আওয়ামী লীগ নেতাদের একটি সভা পুলিশি হস্তক্ষেপে বাতিল হওয়ার ঘটনাকে ইতিবাচকভাবে দেখছে বাংলাদেশ। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পদক্ষেপকে বাংলাদেশ ইতিবাচক দৃষ্টিতেই বিবেচনা করছে।
একই সঙ্গে দুই দেশের মধ্যে পলাতক অপরাধীদের বিষয়ে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, “ভারত থেকে পালিয়ে যাওয়া কোনো দুষ্কৃতকারীকে বাংলাদেশ আশ্রয় দেবে না। একইভাবে বাংলাদেশ থেকেও পালিয়ে যাওয়া অপরাধীদের ভারত আশ্রয় দেবে না বলে আমরা আশা করি।” তিনি জোর দিয়ে বলেন, কোনো দেশই যেন অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত না হয়—এ বিষয়ে দুই দেশের সমন্বয় জরুরি।
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিমান চলাচল খাতে সম্ভাব্য সহযোগিতা নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি জানান, বোয়িং উড়োজাহাজ কেনার ক্ষেত্রে কোনো ধরনের আন্তর্জাতিক চাপ নেই। বরং দেশের নিজস্ব প্রয়োজন ও চাহিদা বিবেচনায় এসব উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।