শিরোনাম
◈ র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান ◈ আইপিইউ মহাসচিবের সঙ্গে স্পিকারের বৈঠক, গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে আলোচনা ◈ খার্গ দ্বীপ কি ‘ধ্বংস করে দেওয়া হচ্ছে’, যা জানাল রয়টার্স ◈ মালয়েশিয়াগামী ক্ষতিগ্রস্ত ১০ হাজার কর্মীকে বিনা খরচে পাঠানোর নির্দেশ ◈ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার খুলছে সুন্দরবন ◈ শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল ◈ প্রোটোকল ভাঙা সফর: টাঙ্গুয়ার হাওরে প্রতিমন্ত্রী হাবিবের নির্ভার উপস্থিতি, ভিন্ন সংস্কৃতির ইঙ্গিত ◈ বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম ◈ স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ ◈ নতুন পে-স্কেল: ৩০% দিয়ে শুরু, চার ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০৩:০৩ দুপুর
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬, ০৩:০৩ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আইপিইউ মহাসচিবের সঙ্গে স্পিকারের বৈঠক, গণতন্ত্র ও ভোটাধিকার নিয়ে আলোচনা

মনিরুল ইসলাম: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি’র সঙ্গে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ)-এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার স্পীকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পীকার বলেন, বাংলাদেশের জনগণ ঐতিহাসিকভাবে গণতন্ত্রকামী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এ দেশের মানুষ বারবার আত্মত্যাগ করেছে। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, গণতন্ত্র ও অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ দেশের মানুষ রক্ত দিয়েছে, কিন্তু স্বাধীনতার পরও দীর্ঘ সময় গণতন্ত্র পূর্ণতা পায়নি।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাধ্যমে দেশে গণতন্ত্রের সূচনা হয় এবং তিনি দেশের ইতিহাসে অন্যতম জনপ্রিয় রাষ্ট্রনায়ক হিসেবে পরিচিত। স্পীকার অতীতের কয়েকটি জাতীয় নির্বাচন—২০০৮, ২০১৪, ২০১৮ ও ২০২৪—প্রহসনের ছিল বলে মন্তব্য করেন এবং দাবি করেন, এসব নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে।

স্পীকারের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের অবসান ঘটে এবং সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন ছিল অবাধ, সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক। তিনি বলেন, বর্তমান ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে দায়িত্ব পালন করছে।

এ সময় আইপিইউ মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রগতিকে ইতিবাচক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, গণতান্ত্রিক সংস্কার ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দায়বদ্ধতা পূরণ সম্ভব। শক্তিশালী সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বৈঠকে জাতিসংঘের অধীনস্থ সংস্থাগুলোতে বাংলাদেশের ভূমিকা, জাতিসংঘ সাধারণ পরিষদে অংশগ্রহণ, আন্তর্জাতিক আদালতে সমুদ্রসীমা সংক্রান্ত মামলার নিষ্পত্তি এবং সংসদীয় কূটনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল এমপি, চীফ হুইপ মো. নূরুল ইসলাম এমপি, প্রতিনিধি দলের সদস্যবৃন্দ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ