শিরোনাম
◈ ফুটবল বিশ্বকাপ ফাইনালের পর মারামারি, ফিফার ১০ ম্যাচের শাস্তি নিয়ে প্রশ্ন তুল‌লেন আর্জেন্টিনার পারেদেস ◈ জুলাইয়ে বিদেশি ঋণ পাওয়ার চেয়ে প্রায় ৩ গুণ বেশি পরিশোধ ◈ পোশাকনির্ভর রপ্তানি কমাতে নতুন ৫ খাত খুঁজছে সরকার ◈ সৌরশক্তিতে বিনিয়োগ বাড়াতে প্রণোদনা : ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা দেবে সরকার ◈ আ.লীগ প্রশ্নে দিল্লির মনোভাব কি পাল্টাচ্ছে? ◈ বাংলাদেশিকে গুলি করে হত্যার পর সৌদি যুবকের আত্মহত্যা ◈ মতপ্রকাশের ব্যাপারে সরকার ‘খুব উদার’: তথ্য উপদেষ্টা ◈ নেপালে বন্যা: এক শিক্ষকের তাৎক্ষণিক সিদ্ধান্তে যেভাবে বেঁচে গেল ৯০০ শিক্ষার্থী ◈ নিজ সন্তান বি‌ক্রি করে আইফোন ক্রয়! ◈ জুলাই সনদ চাইবেন, কিন্তু বাস্তবায়নে সহযোগিতা করবেন না—দুইটা বিপরীতমুখী: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও)

প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০৯:১০ সকাল
আপডেট : ৩১ আগস্ট, ২০২৬, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌরশক্তিতে বিনিয়োগ বাড়াতে প্রণোদনা : ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা দেবে সরকার

ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদনে নতুন মাত্রা যোগ করতে ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সা দর নির্ধারণ করেছে সরকার। ভবনের মালিক ও তৃতীয়পক্ষের মাধ্যমে স্থাপনা করার সুযোগ রেখে আগামী গ্রীষ্মের মধ্যে ৩ হাজার-৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জনগণকে উৎসাহিত করতে বিতরণ কোম্পানিগুলো ভর্তুকি আকারে প্রণোদনা দেওয়ার প্রস্তাব করেছে।

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) প্রস্তাব অনুযায়ী, ৩৩ কেভি ভোল্টেজে প্রতি ইউনিটের বর্তমান দর ১০.০৯ টাকা। প্রস্তাবিত সৌর দর ১০.৫০ টাকা হলে ইউনিটপ্রতি ৪০ পয়সা ঘাটতি হবে, যা অর্থমন্ত্রণালয়ের মাধ্যমে ভর্তুকি আকারে প্রদানের পরিকল্পনা রয়েছে। ২৫ মেগাওয়াট ক্ষমতার একটি প্রকল্পের হিসাবে দৈনিক ৪ ঘণ্টা উৎপাদনে মাসিক ২২ লাখ ৫০ হাজার ইউনিট উৎপাদন হবে, যার ৪০ শতাংশ গ্রিডে সরবরাহ করলে দাঁড়ায় ৯ লাখ ইউনিট। এতে মাসিক ঘাটতি হবে ৩ লাখ ৬৪ হাজার ৫০০ টাকা, যা ভর্তুকি প্রদান করলে ছাদ সোলার ও নেট মিটারিং দ্রুত প্রসার লাভ করবে।

ইতিমধ্যে গত ২৫ আগস্ট যৌথসভা করেছে বিদ্যুৎ বিভাগ। বিতরণ কোম্পানিগুলোর মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ভবনের মালিক নিজে বিনিয়োগ করতে পারবেন অথবা সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে স্থাপনা করাতে পারবেন। দেশব্যাপী সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিতরণ সংস্থাগুলো। স্থানীয় ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, তরুণ, নারী উদ্যোক্তা ও প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলো এ খাতে অংশগ্রহণের সুযোগ পাবে।

নবায়নযোগ্য জ্বালানি খাতে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে নেট মিটারিং পদ্ধতিতে উৎপাদিত বিদ্যুতের জন্য গ্রাহকদের ন্যায্য প্রণোদনা প্রদানের উদ্যোগের কথা জানানো হয়। নীতিমালা পরিমার্জনের মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের হিসাব ও প্রণোদনা প্রদান সংক্রান্ত জটিলতা দূর করা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত বিভিন্ন প্রকল্পে মোট ৩,৬৪,৫০০ টাকা বরাদ্দ রয়েছে। আগামী ছয় মাসের জন্য অতিরিক্ত ২১,৮৭,০০০ টাকা বাজেট প্রস্তাব করা হয়েছে। উৎপাদন প্রক্রিয়া ও প্রণোদনা কাঠামো পর্যালোচনা করে সৌরবিদ্যুৎ উৎপাদনকে লাভজনক করতে গ্রিডে সরবরাহের বিপরীতে গ্রাহকদের অর্থ প্রদানের হারের বিষয়ে নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত হয়েছে। চলতি অর্থবছরে নেট মিটারিং প্রকল্পের আওতায় এক হাজার নতুন ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যাতে প্রায় ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক পর্যায়ে নেট মিটারিং আওতায় ৫০০টি প্রকল্পের মাধ্যমে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হলেও বর্তমানে ৫ হাজারের বেশি প্রকল্পের মাধ্যমে ৩৪১ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা অর্জিত হয়েছে। আগামী পাঁচ বছরে এ সংখ্যা ১০ গুণ বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বাংলাদেশ সাসটেইনেবল রিনিউয়েবল এনার্জি এসোসিয়েশনের প্রেসিডেন্ট মোস্তফা আল মাহমুদ মনে করেন, সরকারের নতুন উদ্যোগ খাতটিতে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রণোদনা পেলে কয়েক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব। সরকারি পাইকারি দর প্রায় ১৩ টাকা, আর সৌর থেকে পাওয়া যাচ্ছে ১০.৫০ টাকায়। এতে ভবনের ছাদ ব্যবহারে উৎসাহ বাড়বে, বিনিয়োগ আসবে এবং কর্মসংস্থান সৃষ্টি হবে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ক্যাবল অপারেটর ও নেট সার্ভিস প্রোভাইডারদের মতো সৌর বিদ্যুতের প্রসার ঘটানো সম্ভব। তারা বিনিয়োগ করে বিদ্যুৎ উৎপাদন করবে এবং মাস শেষে বিল আদায় করবে—এ জন্য অঞ্চল ভাগ করে দিতে চায় সরকার।

সূত্র: ইনকিলাব 

  • সর্বশেষ