শিরোনাম
◈ গত বছরের তুলনায় কমেছে খুন, ধর্ষণ ও মব সহিংসতা: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তপশিল, নভেম্বরে ভোট: সিইসি ◈ গঙ্গা চুক্তি নবায়ন ও তিস্তা প্রকল্পে অগ্রগতি: সংসদে পররাষ্ট্রমন্ত্রীর কৌশলগত বার্তা ◈ কার্য উপদেষ্টা কমিটির বৈঠক: ১০ সেপ্টেম্বর শেষ হবে সংসদের তৃতীয় অধিবেশন ◈ নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ ◈ শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদার হলে বাড়বে কর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ: মাহ্দী আমিন ◈ ট্রেজারি বেঞ্চে আসনবিন্যাসে পরিবর্তন: ফখরুলের স্থানে সালাহউদ্দিন ◈ যুবলীগের পরশ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ◈ সংসদে চরম হট্টগোল, ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার (ভিডিও) ◈ নেপালে নতুন বিপর্যয়ের আশঙ্কা, ৭২ ঘণ্টার মধ্যে ভেঙে পড়তে পারে হ্রদের বাঁধ

প্রকাশিত : ২৭ আগস্ট, ২০২৬, ০৭:৩৮ বিকাল
আপডেট : ২৭ আগস্ট, ২০২৬, ০৮:৩৪ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নিম্নমানের কাজ রুখতে ৩০ প্রকল্পে সমস্যা চিহ্নিত, ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মনিরুল ইসলাম: সরকারি উন্নয়ন প্রকল্পে ঠিকাদারদের গাফিলতি ও নিম্নমানের কাজের কারণে অর্থের অপচয় এবং জনদুর্ভোগ কমাতে ৩০টি প্রকল্পে বিভিন্ন ধরনের সমস্যা চিহ্নিত করেছে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। এসব সমস্যা সমাধানে ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের এক প্রশ্নের জবাবে পরিকল্পনা মন্ত্রীর পক্ষে এ তথ্য জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ আব্দুর রহিম সাকি। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে তিনি এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।

সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল জানতে চান, দেশের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে কিছু ঠিকাদারের নিম্নমানের কাজের কারণে যে সরকারি অর্থের অপচয় ও সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হচ্ছে, তা রোধে আইএমইডি কী ধরনের পদক্ষেপ নিয়েছে।

জবাবে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার মাধ্যমে প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় মোট ১,১৬৩টি প্রকল্প চলমান রয়েছে।

তিনি আরও জানান, দায়িত্বপ্রাপ্ত সংস্থা হিসেবে আইএমইডি নিয়মিতভাবে এসব প্রকল্প পরিদর্শন করে এবং প্রতিবেদন প্রস্তুত করে। ২০২৫-২৬ অর্থবছরে আইএমইডি ৬৭৭টি চলমান প্রকল্প পরিদর্শন করেছে, যার মধ্যে ৬৪০টি প্রকল্পের ওপর সুপারিশসংবলিত প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

চলতি অর্থবছরের জুলাই মাসে ৪৭টি প্রকল্প পরিদর্শন করা হয়েছে এবং এর মধ্যে ২৭টি প্রকল্পের জন্য সুপারিশ পাঠানো হয়েছে। এছাড়া জুলাই ২০২৬ পর্যন্ত ১,০৮৫টি সমাপ্ত প্রকল্প পরিদর্শন করে ১,০২৪টি সমাপ্তি মূল্যায়ন প্রতিবেদন সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগে পাঠানো হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আইএমইডি পরিদর্শনের সময় কোথাও অবকাঠামো নির্মাণকাজে নিম্নমান বা ঠিকাদারের গাফিলতি পাওয়া গেলে তা বিস্তারিতভাবে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

তিনি আরও জানান, সাম্প্রতিক পরিদর্শনে ৩০টি প্রকল্পে বিভিন্ন ধরনের ত্রুটি ও সমস্যা শনাক্ত হয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বাস্তবায়ন অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।
সরকারি উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আইএমইডির এই তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • সর্বশেষ