মনিরুল ইসলাম: নেপালের সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে জাতীয় সংসদ। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় সহায়তার আশ্বাস দিয়ে সংসদে উত্থাপিত শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
আজ বৃহস্পতিবার ২৭ আগস্ট বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতেই ছাত্র-জনতার বিজয়ের স্মৃতিবাহী আগস্টের গণঅভ্যুত্থান এবং নতুন রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের বিষয়টি স্মরণ করা হয়। জুলাই গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্যরা।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে। শহীদদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে একটি গণতান্ত্রিক, মানবিক ও শক্তিশালী রাষ্ট্র গঠনে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মর্যাদা আরও সুদৃঢ় হবে।
অধিবেশনে কার্যপ্রণালী বিধির ১২(১) অনুযায়ী ৫ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করা হয়। মনোনীত সদস্যরা হলেন—গয়েশ্বর চন্দ্র রায়, জামাল নিজাম, মুহাম্মদ নওশাদ জমির, নিলুফার চৌধুরী মনি এবং মো. মুজিবুর রহমান।
পরবর্তীতে স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করেন। এরপর স্পিকার অধিবেশনে শোক প্রস্তাব উত্থাপন করেন। সংসদ গত ১২ জুলাই প্রয়াত সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার ও মন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। এ ছাড়া সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সতীশ চন্দ্র রায়, মেজর জেনারেল (অব.) মোহাম্মদ জাহান চৌধুরী, সাবেক চিফ হুইপ ও প্রতিমন্ত্রী মোশাররফ হোসেন মিয়াসহ মোট ১২ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোক জানানো হয়।
পাশাপাশি একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী, চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, রাজনৈতিক চিন্তাবিদ ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং শিক্ষাবিদ ড. মকবুল হোসেনের প্রয়াণে শোক প্রকাশ করা হয়।
শোক প্রস্তাবে বাদ পড়া সাবেক সংসদ সদস্যদের নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। তিনি যশোরের ঝিকরগাছা থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য আবু সাদেক মোহাম্মদ আবু সাঈদ এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে নির্বাচিত মাওলানা আব্দুল আজিজের নাম শোক প্রস্তাবে যুক্ত করার অনুরোধ জানান।
পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রেখে চিফ হুইপ নূরুল ইসলাম মণি নাটোরের সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের নাম শোক প্রস্তাবে অন্তর্ভুক্তির অনুরোধ জানান। একই সঙ্গে তিনি নেপালের সাম্প্রতিক আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় মহান সংসদের পক্ষ থেকে শোক ও সমবেদনা প্রস্তাবের আহ্বান জানান।
চিফ হুইপ জানান, বন্ধুপ্রতিম দেশ নেপালের এই দুর্যোগে সহায়তার জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্ধার কাজ ও মেডিকেল টিম প্রেরণের প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন। বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান এবং চিফ হুইপ নূরুল ইসলাম মণি শোক প্রস্তাবে আরও কয়েকজন প্রয়াত সংসদ সদস্যের নাম অন্তর্ভুক্তির আহ্বান জানান।
পয়েন্ট অব অর্ডারে বক্তব্য রাখতে গিয়ে চিফ হুইপ নূরুল ইসলাম মণি নেপালের বন্যা ও ভূমিধসের ঘটনায় শোক প্রকাশের প্রস্তাব উত্থাপন করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী ও পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্ধার কার্যক্রম ও মেডিকেল টিম পাঠানোর প্রস্তুতি নিতে নির্দেশনা দিয়েছেন।
পরে সংসদে উত্থাপিত সব শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। নেপালের দুর্গতদের প্রতি সংহতি প্রকাশ এবং প্রয়াতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। নীরবতা শেষে প্রয়াতদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।