মনিরুল ইসলাম: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত হবে। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ, যেখানে প্রায় ৩৫ বছর পর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন।
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ কে পড়াবেন—এ প্রশ্নে সৃষ্ট আলোচনা শেষে আইন মন্ত্রণালয় জানিয়েছে, ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালই শপথ পড়াবেন। মন্ত্রিপরিষদ বিভাগের অনুরোধে সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ পর্যালোচনা করে এ মতামত দেওয়া হয়।
আইন মন্ত্রণালয়ের ব্যাখ্যা অনুযায়ী, বর্তমান স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। ফলে সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্পিকারের দায়িত্ব পালন করছেন ডেপুটি স্পিকার। এই প্রেক্ষাপটে নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর সাংবিধানিক কর্তৃত্বও ডেপুটি স্পিকারের ওপর বর্তায়।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী হচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। জাতীয় সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির প্রার্থীর জয়ের সম্ভাবনা বেশি বলে মনে করা হচ্ছে। তবে একাধিক প্রার্থী থাকায় সংবিধান অনুযায়ী ভোটগ্রহণ বাধ্যতামূলক হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সংসদ সদস্য এই নির্বাচনে ভোট দেবেন। এর মধ্যে সংরক্ষিত নারী আসনের ৫০ জন সদস্য রয়েছেন। তবে চট্টগ্রাম-৪ আসনটি বর্তমানে শূন্য থাকায় ওই আসনের কোনো ভোট থাকছে না।
ভোটগ্রহণ শেষে আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতিসহ রাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের সার্বিক আয়োজনের দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ।
উল্লেখ্য, দেশে সর্বশেষ রাষ্ট্রপতি নির্বাচন সংসদে ভোটের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১ সালের ৮ অক্টোবর। ওই নির্বাচনে বিএনপির প্রার্থী আব্দুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী বদরুদ্দোজা চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।
দীর্ঘ তিন দশকের বেশি সময় পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের এই আয়োজন রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।