শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:১৭ রাত
আপডেট : ১১ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত দায়িত্ব পালন করবেন উপদেষ্টারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত নিয়মিত কাজ করবেন উপদেষ্টারা। নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি শেষে আগামী ১৫ ফেব্রুয়ারি সচিবালয়ে অফিস করবেন অধিকাংশ উপদেষ্টা। তবে গুরুত্বপূর্ণ কোনও মিটিং করবেন না বা কোনও ফাইলেও সই করবেন না তারা। উপদেষ্টা সংশ্লিষ্টরা এসব তথ্য জানিয়েছেন।  

সূত্র জানিয়েছে, বিদ্যমান সংবিধানের ৫৭ (৩) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধানমন্ত্রীকে স্বীয় পদে বহাল থাকতে এই অনুচ্ছেদের কোনও কিছুই অযোগ্য করবে না।

এছাড়া বিদ্যমান সংবিধধানের ৫৮(৪) অনুচ্ছেদ অনুযায়ী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের উত্তরাধিকারীরা কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তারা নিজ নিজ পদে বহাল থাকবেন।


কেবিনেট ডিভিশন সূত্রে জানা গেছে, ভোট শেষে আগামী ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে পারে সংসদ সদস্যদের শপথ। এরপর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্য হিসেবে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ হতে পারে ১৭ বা ১৮ ফেব্রুয়ারি। 

এদিকে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন শেষ সময় পর্যন্ত কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, নতুন মন্ত্রিসভা গঠন হওয়ার আগ পর্যন্ত উপদেষ্টাদের দায়িত্ব চালিয়ে যেতে কোনও বাধা নেই। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও কোনও নির্দেশনা দেওয়া হয়নি। আমরা শেষ সময় পর্যন্ত কাজ চালিয়ে যাবো। 

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের দফতর সূত্রে জানা গেছে, আগামী ১৫ ফেব্রুয়ারি সচিবালয়ে আসবেন এবং অফিস করবেন উপদেষ্টা। তবে জমে থাকা কোনও কাজ নেই, ফাইলপত্র সই করার মতো তেমন বিষয় নেই।

জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান মনে করেন, নির্বাচনের পর নৈতিক বিবেচনায় নির্বাহী ক্ষমতা ব্যবহার থেকে বিরত থাকা উচিত। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অফিস শেষ করে তিনি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শেষ কার্যদিবস অতিবাহিত করেছি। যদিও আইন অনুযায়ী নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্যন্ত আমি উপদেষ্টা পদে বহাল থাকবো, নির্বাচনের পর নৈতিক বিবেচনায় আমি নির্বাহী ক্ষমতা ব্যবহার থেকে বিরত থাকবো।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, মঙ্গলবারই সচিবালয় থেকে পুরোপুরি বিদায় নিয়ে চলে এসেছি। আমি আর সচিবালয়ে যাবো না। সরকারি বাসায়ও একটি অফিস আছে, নতুন সরকার না আসা পর্যন্ত আমি সেখানেই অফিস করবো। প্রয়োজন হলে কর্মকর্তারা এখানেই ফাইলপত্র নিয়ে আসবেন। 

মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম রবিবার সচিবালয়ে অফিস করবেন। তিনি বলেন, ভোটের পরও নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত আইনগতভাবে আমরা কাজ চালিয়ে যেতে পারবো। আগামী রবিবার আমি সচিবালয়ে অফিস করবো।

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার নিজ মন্ত্রণালয় থেকে বিদায় নিয়েছেন মঙ্গলবার। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত দায়িত্বে আছেন। তবে রবিবার সচিবালয়ে আসবেন বলে কেউ নিশ্চিত করতে পারেনি।

একইভাবে নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে মঙ্গলবার দোয়া চেয়ে শেষ অফিস ছেড়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টার দফতরের প্রশাসনিক কর্মকর্তা খলিলুর রহমান জানিয়েছেন, রবিবার স্যার সচিবালয়ে অফিস করবেন কিনা আমরা এখনও জানি না। তবে সংবিধান অনুযায়ী নতুন মন্ত্রিসভা গঠন না হওয়া পর্যন্ত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনে কোনও বাধা নাই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়