শিরোনাম
◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, পাঁচ মাসে প্রাণহানি ৯০২ ◈ ৫৩ বছর আগে পদ্মশ্রী পুরস্কা‌রের জন্য নির্বাচিত, বয়স ৮৮, এখ‌নো হাতে পাননি কিংবদন্তী ক্রিকেটার! ◈ অবসর ভাতার জন্য আর অফিসে অফিসে ঘুরতে হবে না, অনলাইনেই ঘরে বসে টাকা পাবেন শিক্ষকরা: প্রধানমন্ত্রী ◈ মাদরাসার সিঁড়ির পাশে পড়ে থাকা ককটেল বিস্ফোরণ, আহত ৫ ছাত্রী ◈ ভারতসহ ৪০ দেশের মাধ্যমে চীনের পণ্য যুক্তরাষ্ট্রে, শুল্ক ফাঁকির অভিযোগ ◈ নিরাপত্তাহীন শিপইয়ার্ডে একের পর এক প্রাণহানি, এক যুগে নিহত ১৪৮ ◈ ইরানকে চাপে ফেলতে গিয়ে শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনই নতি স্বীকার করতে পারে: সাবেক মার্কিন রাষ্ট্রদূত ◈ মার্কিন অবরোধের চাপেও সচল ইরানের তেলবন্দর, খারগ দ্বীপে ফের তেল উত্তোলন ◈ কুমিল্লায় চাষ হচ্ছে ‘বিশ্বের সবচেয়ে দামি’ মরিচ, কেজি ২৮ লাখ টাকা! ◈ ৬০ কেজি লোহার দামে মিলতে পারে জীবনরক্ষাকারী মাস্ক, তবু ঝরছে জাহাজভাঙা শ্রমিকের প্রাণ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ১১:২১ দুপুর
আপডেট : ০৯ আগস্ট, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ

উচ্চ আদালতে চলছে বিএনপিপন্থি আইনজীবীদের গুন্ডামি— ফেসবুকে এই শিরোনামে পোস্ট দেওয়ায় প্রবাসী লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে আবেদন করেছেন আইনজীবীরা। এ সংক্রান্ত পোস্ট ফেসবুক থেকে অপসারণ করার নির্দেশনাও চেয়েছেন তারা।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে বিষয়টি নজরে আনা হয়।

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন কুমিল্লা-১০ আসনে (লালমাই-নাঙ্গলকোট) প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার রিট খারিজের আদেশের পর এ অভিযোগ আনা হয়।

শুরুতে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, পিনাকী ভট্টাচার্য আদালত-আইনজীবীদের নিয়ে ফেসবুকে অপপ্রচার করছেন। তিনি আদালতের কাছে প্রশ্ন রেখে বলেন, ‘আমি কি আদালতে কখনো গুন্ডামি করেছি? আদালতকে প্রভাবিত করেছি?’ অথচ পিনাকী অপপ্রচার করেছেন। মিথ্যা অভিযোগ এনেছেন। এটা আদালত অবমাননার শামিল।

এ সময় আদালত কক্ষে উপস্থিত থাকা অন্য আইনজীবীরা ব্যারিস্টার কাজলের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আর্জি জানান। একই সঙ্গে পিনাকী ভট্টাচার্যের পোস্টটি ফেসবুক থেকে অপসারণ করার নির্দেশনা চাওয়া হয়।

এ সময় আদালতে উপস্থিত ছিলেন- আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, ব্যারিস্টার ফখরুল ইসলাম, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট ফয়েজ উল্লাহ ফয়েজ।

আইনজীবীরা জানান, আগামী রোববার (২৫ জানুয়ারি) হাইকোর্ট পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পোস্টের বিষয়ে আবারও উপস্থাপন করা হতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়