বিমান চলাচলে বিঘ্নের কারণে আটকে পড়া সৌদি নাগরিকদের সহায়তায় এগিয়ে এসেছেন মিসর ও কাতারের সাধারণ মানুষ। তাদের থাকার জন্য বাড়ি, খাবার এবং যাতায়াতের ব্যবস্থা করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন অনেকে।
এমনকি সৌদি আরবে ফিরতে প্রয়োজন হলে নিজের গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়ার কথাও জানিয়েছেন কাতারের এক নাগরিক।
জানা গেছে, সৌদি দূতাবাসের সহায়তার আহ্বানে সাড়া দিয়ে মিসরীয়রা নিজেদের বাড়িতে সৌদি যাত্রীদের থাকার আমন্ত্রণ জানান। কেউ খাবার ও পরিবহনের ব্যবস্থা করার প্রস্তাব দেন, আবার কেউ ব্যক্তিগত সম্পদ ব্যবহার করে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।
কাতারেও সৌদি নাগরিকদের প্রতি সংহতি জানিয়ে এক ব্যক্তি নিজের গাড়ি ব্যবহারের প্রস্তাব দেন। দুই দেশের মানুষের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে অনেকে জানান, বিপদের সময়ে সৌদিরা তাদের আপনজন।
আঞ্চলিক উত্তেজনা ও বিমান চলাচলে বিঘ্নের কারণে ফ্লাইট বাতিল এবং যাত্রাসূচি পরিবর্তনের মতো সমস্যায় পড়েন অনেক যাত্রী। এ পরিস্থিতিতে সৌদি দূতাবাসগুলো আটকে পড়া নাগরিকদের যোগাযোগ করে সহায়তা নেওয়ার আহ্বান জানায়।
মিসর ও কাতারের সাধারণ মানুষের এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা পেয়েছে। সংকটের সময়ে মানবিকতা, পারস্পরিক সহযোগিতা ও প্রতিবেশীসুলভ সম্পর্কের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে এই উদ্যোগকে।
সূত্র: আরব নিউজ