আন্তর্জাতিক ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সইয়ের বিষয়ে ইরানি জাতির উদ্দেশে বার্তা দিয়েছেন সবোর্চ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী। তিনি বলেছেন, ভবিষ্যতে অনুষ্ঠেয় সরাসরি আলোচনার মানে শত্রুর অবস্থান মেনে নেয়া নয়। বার্তাটি এখানে তুলে ধরা হলো।
বিসমিল্লাহির রহমানির রহিম
ইরানের প্রাণবন্ত ও বিশ্বস্ত জনগণ,যেমনটি আপনারা অবগত হয়েছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই পর্যায়ে পৌঁছানোর পথে সংশ্লিষ্ট কর্মকর্তারা আন্তরিকতা ও সদিচ্ছা নিয়ে ব্যাপক চেষ্টা চালিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতাশা থেকে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগের উপায় অবলম্বন করেছেন।
আমি নীতিগতভাবে ভিন্ন মত ছিল,তবে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান হিসেবে সম্মানিত প্রেসিডেন্ট তাঁর নিজের ও পরিষদের অন্যান্য সদস্যের পক্ষ থেকে ইরানের জনগণ ও প্রতিরোধ ফ্রন্টের অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেওয়ায় এবং এ সংক্রান্ত দায়িত্ব নেয়ার বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করায় আমি অনুমতি প্রদান করেছি।
তিনি (ইরানের প্রেসিডেন্ট) আরও স্পষ্ট করেছেন যে, যদি আমেরিকা অতিরিক্ত দাবি বা বাড়াবাড়ি করে, তবে তা গ্রহণ করা হবে না। এখন থেকে আমরা অর্থাৎ ইরানের গর্বিত জনগণ এবং এই নগণ্য সেবক সমঝোতা স্মারকে উল্লিখিত শর্তগুলো বাস্তবায়নের অপেক্ষায় থাকব।
তবে এটি স্পষ্ট, ভবিষ্যতে অনুষ্ঠেয় সরাসরি আলোচনার মানে এটা নয় যে, শত্রুর মতামত মেনে নেয়া হবে। আশা করি আমাদের নেতা (আল্লাহ তাঁর মহিমান্বিত আগমন ত্বরান্বিত করুন)-এর দোয়া ও আশীর্বাদ ইরানের সম্মানিত জাতির জন্য নানা ধরণের বিজয় ও সফলতা বয়ে আনবে।--- পার্স টুডে