বিশ্ব অর্থনীতিতে মার্কিন ডলারের একচ্ছত্র আধিপত্য নিয়ে যখন নতুন করে প্রশ্ন উঠছে, তখন চীনা মুদ্রা ইউয়ান বা রেনমিনবির জন্য আন্তর্জাতিক পরিসরে বিস্তারের একটি ‘সোনালি সুযোগ’ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি)-এর সাবেক গভর্নর ঝো শিয়াওচুয়ান। তার মতে, বর্তমান ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা ইউয়ানের জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে।
চলতি মাসের শুরুতে সাংহাই কারেন্সি ফোরাম এবং গত মাসে বোয়াও ফোরামের বার্ষিক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এই অভিমত তুলে ধরেন। ঝো শিয়াওচুয়ানের মতে, যুক্তরাষ্ট্রের শুল্কনীতি, বিভিন্ন দেশের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক লেনদেনে ডলারকে রাজনৈতিকভাবে ব্যবহার করার প্রবণতা বিশ্বব্যাপী ডলারের প্রতি আস্থার সংকট তৈরি করেছে। এই পরিস্থিতিই ইউয়ানের আন্তর্জাতিকীকরণের জন্য সুযোগ সৃষ্টি করেছে।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাণিজ্য ও আর্থিক লেনদেনে ডলারের একচ্ছত্র অবস্থান থাকলেও এখন অনেক দেশ বিকল্প খুঁজছে। ডলারের ওপর নির্ভরশীলতা কমাতে গিয়ে তারা তুলনামূলকভাবে স্থিতিশীল ও নিরপেক্ষ মুদ্রার দিকে ঝুঁকছে, যার মধ্যে ইউয়ান গুরুত্বপূর্ণ অবস্থানে আসতে পারে।
ঝো শিয়াওচুয়ান আরও বলেন, ইউয়ানের আন্তর্জাতিক ভূমিকা বাড়ানোর জন্য চীনের নীতিগত সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দেশের সরকারি বন্ড বাজার আরও উন্মুক্ত করা, বিদেশি বিনিয়োগকারীদের জন্য লেনদেন সহজ করা এবং মূলধন প্রবাহকে আরও নমনীয় করার ওপর তিনি গুরুত্বারোপ করেন। তার মতে, এসব পদক্ষেপ ইউয়ানকে একটি বিশ্বাসযোগ্য আন্তর্জাতিক মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে।
তিনি চীনের ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম বা সিআইপিএস-এর উন্নয়নের বিষয়েও উল্লেখ করেন, যা ধীরে ধীরে সুইফটের বিকল্প হিসেবে ব্যবহারের সক্ষমতা অর্জন করছে। ফেব্রুয়ারি থেকে এই ব্যবস্থায় নতুন পরিবর্তন আনা হয়েছে, যার ফলে অফশোর ইউয়ান লেনদেন আরও সহজ হয়েছে বলে তিনি জানান।
২০০২ থেকে ২০১৮ সাল পর্যন্ত দীর্ঘ সময় পিপলস ব্যাংক অব চায়নার গভর্নর হিসেবে দায়িত্ব পালন করা ঝো শিয়াওচুয়ান মনে করেন, ইউয়ানের আন্তর্জাতিকীকরণ দ্রুত ঘটবে না। তবে ধীরে ধীরে সংস্কার ও বাজার উন্মুক্তকরণের মাধ্যমে চীন এই সুযোগ কাজে লাগাতে পারবে।
তিনি আরও বলেন, চীনের বাণিজ্য উদ্বৃত্ত থাকলেও তা ইউয়ানের আন্তর্জাতিক সরবরাহে বাধা নয়। বরং বিদেশি ঋণ, মূলধন বাজার এবং বিনিয়োগ ব্যবস্থার মাধ্যমে ইউয়ানের বৈশ্বিক ব্যবহার বাড়ানো সম্ভব। তবে এর জন্য প্রয়োজন নিরাপদ ও সহজে রূপান্তরযোগ্য আর্থিক সম্পদের সরবরাহ বৃদ্ধি করা।
বিশ্লেষকদের মতে, বৈশ্বিক অর্থনীতিতে পরিবর্তনশীল পরিস্থিতি এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার মধ্যে চীনের জন্য এটি একটি কৌশলগত সুযোগ। যদি বেইজিং প্রয়োজনীয় সংস্কার ও আর্থিক উদারীকরণ অব্যাহত রাখে, তাহলে ভবিষ্যতে ইউয়ান আন্তর্জাতিক রিজার্ভ মুদ্রা হিসেবে আরও গুরুত্বপূর্ণ অবস্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। তথ্যসূত্র : সাউথ চায়না মর্নিং পোস্ট