মহসিন কবির: হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। প্রথম ইরান বলেছিলো শক্রপক্ষ ছাড়া সব জাহাজার নিবৃঘ্নে যেতে পােবে। পরে অবশ্য সব জাহাজেই বাধা দেওয়া হয়েছে। যুদ্ধ সমাধান করতে এগিয়ে এসেছে রাশিরাও। দেখা যাক কোন পথে সমাধান হয়।
এখন হরমুজ প্রণালি দিয়ে পার হতে সব জাহাজকে টোল দিতে হবে, ইরানের এমন ঘোষণার পর টোল দিয়ে চলাচল করা ‘সব জাহাজ অবরোধের’ ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর তিনি এ ঘোষণা দিলেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিতে স্থাপন করা মাইন পরিষ্কার করতে নেটো সহায়তার আশ্বাস দিয়েছে।
বিশ্বের গুরুত্বপূর্ণ এই নৌপথ অবরোধের হুশিয়ারি দেওয়ার পরপরই ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে এই তথ্য জানান ট্রাম্প।
তিনি বলেন, আগে যুক্তরাষ্ট্র নেটোর ওপর খুবই বিরক্ত ছিল। তবে এখন তারা এসে প্রণালিটি মাইন পরিষ্কার করতে সহায়তা করতে চায়।
ট্রাম্প বলেন, “এটি পরিষ্কার করতে খুব বেশি সময় লাগবে না। আমরা প্রণালিটি পরিষ্কার করবো এবং এটি খুব শিগগিরই জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত হবে”।
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র মাইন অপসারণকারী জাহাজ মোতায়েন করছে এবং যুক্তরাজ্যসহ নেটোভুক্ত আরও কয়েকটি দেশও তা করবে। আমার জানা মতে যুক্তরাজ্য এবং আরও কয়েকটি দেশ মাইনসুইপার পাঠাচ্ছে”।
ট্রাম্প সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘গুরুত্বপূর্ণ বিষয় একটাই– ইরান তার পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ত্যাগ করতে নারাজ। অনেক দিক থেকে, যে বিষয়গুলোতে সম্মত হওয়া গেছে তা আমাদের সামরিক অভিযান শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার চেয়ে ভালো। কিন্তু পারমাণবিক শক্তিকে এমন অস্থির, কঠিন ও অপ্রত্যাশিত লোকদের হাতে তুলে দেওয়ার তুলনায় ওই সব বিষয়ের কোনো মূল্যই নেই।’
‘ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না’ উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইরানের প্রতিনিধি বাঘের গালিবাফ, আব্বাস আরাঘচি এবং আলী বাঘেরির সঙ্গে ‘সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক’ গড়ে তুলেছিলেন। তবে এই ব্যক্তিগত সম্পর্ক মৌলিক অবস্থান পরিবর্তন করতে পারেনি।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ 'হরমুজ প্রণালি' নিয়ে ইরানের পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবেয়ি সাফ জানিয়ে দিয়েছেন, এই প্রণালিটি সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে এবং এখান দিয়ে চলাচলের জন্য ইরানি মুদ্রা 'রিয়ালে' টোল পরিশোধ করতে হবে। খবর বিবিসি'র।
মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে জানানো হয়েছে, হাজি বাবেয়ি হরমুজ প্রণালিকে তেহরানের জন্য একটি 'রেড লাইন' বা চূড়ান্ত সীমা হিসেবে অভিহিত করেছেন।
পাকিস্তানে ইরানের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক সংবাদ সম্মেলন করেন। তবে সেখানে তিনি হরমুজ প্রণালির বিষয়ে কোনো মন্তব্য করেননি। অথচ এই জলপথটি আলোচনার অন্যতম প্রধান অমীমাংসিত বিষয় ছিল। বর্তমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে শর্তসাপেক্ষ যুদ্ধবিরতি চলছে, তার একটি অন্যতম শর্ত হলো এই প্রণালি দিয়ে জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করা।
বিশ্বের মোট উৎপাদিত তেল এবং তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় ২০ শতাংশ এই হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথের ওপর যেকোনো ধরনের নিয়ন্ত্রণ বা বাধা বিশ্ববাজারে জ্বালানি সংকটের কারণ হতে পারে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যাল'-এ দেওয়া এক পোস্টে দাবি করেছেন, হরমুজ প্রণালি 'শীঘ্রই উন্মুক্ত' হবে।
অন্যদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করেছে যে তাদের দুটি যুদ্ধজাহাজ মাইন অপসারণ অভিযানের অংশ হিসেবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। তবে ইরান এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি-এর মাধ্যমে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, 'হরমুজ প্রণালি দিয়ে যেকোনো সামরিক জাহাজ চলাচলের চেষ্টা করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।'
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর দুই প্রেসিডেন্ট ফোনে কথা বলেন।
রাশিয়ার বার্তাসংস্থা ইন্টারফেক্স এক প্রতিবেদনে জানায়, ভেস্তে যাওয়া যুদ্ধবিরতি পুনরায় শুরু করতে মধ্যস্থতার ইচ্ছা প্রকাশ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রতিবেদনে বলা হয়, রুশ প্রেসিডেন্ট পুতিন রাজনৈতিক ও কূটনৈতিক মীমাংসায় মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে গুরুত্বারোপ করেছেন।
দুই নেতার ফোনালাপের একটি বিবরণ গণমাধ্যমে পাঠিয়েছে ক্রেমলিন। এতে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করতে এবং স্থায়ী শান্তি অর্জনে মধ্যস্থতার প্রচেষ্টায় আরও সহায়তা করতে চান। তিনি জোর দিয়ে বলেন, সহায়তার জন্য তাঁর প্রস্তুতিও আছে।