শিরোনাম
◈ ‘ডোনাল্ড ট্রাম্প’ থেকে ‘সাদা মহিষ’, নাম ও বানান বিতর্কে পদ হারালেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ◈ যশোরের রাজারহাটে চামড়ার দাম নিয়ে হতাশা, আবারও বাজার ধসের শঙ্কা ◈ বাংলাদেশসহ বিশ্বের আকাশে আজ রাতে দেখা মিলতে পারে বিরল ‘ব্লু মুন' ◈ ১০ মিটারের মধ্যে এলেই 'নীরব মৃত্যু' : ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীকে কোণঠাসা করছে ঘাতক রোবট ◈ শেখ হাসিনা পদত্যাগপত্র লিখেছিলেন কিন্তু তিনি জমা দিয়ে যেতে পারেন নাই, ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছেন: মতিউর রহমান চৌধুরী ◈ চাকরি, স্বাস্থ্যসেবা ও আবাসন থেকে বঞ্চিত করে যেভাবে অভিবাসীদের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প ◈ নতুন জীবনের খোঁজে দেশ ছাড়ছেন আমেরিকানরা, পরামর্শ নিতে খরচ করছেন শত শত ডলার ◈ বাংলাদেশ সীমান্ত নিয়ে অমিত শাহর ‘ব্লুপ্রিন্ট’, কী আছে পরিকল্পনায়? ◈ রোবটের শক্তিতে পাল্টে যাচ্ছে ইউক্রেন যুদ্ধ, রাশিয়া পড়েছে রক্ষণাত্মক অবস্থানে (ভিডিও) ◈ নতুন পদ্ধতি আবিষ্কার: ডিএনএ পরীক্ষায় স্তন ক্যানসারের অনেক রোগীর আর লাগবে না কেমোথেরাপি

প্রকাশিত : ৩১ মে, ২০২৬, ১২:৪১ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : আর রিয়াজ

নতুন পদ্ধতি আবিষ্কার: ডিএনএ পরীক্ষায় স্তন ক্যানসারের অনেক রোগীর আর লাগবে না কেমোথেরাপি

বিবিসি: স্তন ক্যানসারে আক্রান্ত লাখ লাখ রোগী ভবিষ্যতে কেমোথেরাপি ছাড়াই নিরাপদে চিকিৎসা নিতে পারবেন বলে আশাবাদী বিজ্ঞানীরা। নতুন এক আন্তর্জাতিক গবেষণায় এমন একটি ডিএনএ-ভিত্তিক পরীক্ষা পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে, যা নির্ধারণ করতে পারে—কোন রোগী কেমোথেরাপি থেকে প্রকৃত উপকার পাবেন এবং কারা এই চিকিৎসা ছাড়াও সুস্থ থাকার সম্ভাবনা রাখেন।

শনিবার (৩০ মে) বিবিসি জানায়, ইউনিভার্সিটি কলেজ লন্ডনের (ইউসিএল) নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় যুক্তরাজ্য, নরওয়ে, সুইডেন, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও থাইল্যান্ডের ৪০ বছরের বেশি বয়সী নতুন শনাক্ত হওয়া চার হাজারের বেশি স্তন ক্যানসার রোগী অংশ নেন।

গবেষকেরা ‘প্রোসাইনা’ (Prosigna) নামের একটি জিন পরীক্ষা ব্যবহার করেন। এতে স্তন ক্যানসারের বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত ৫০টি জিনের কার্যক্রম বিশ্লেষণ করে রোগ পুনরায় ফিরে আসার ঝুঁকি নির্ধারণ করা হয়। পরীক্ষায় কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হওয়া অংশগ্রহণকারীদের প্রায় দুই-তৃতীয়াংশকে কেমোথেরাপি দেওয়া হয়নি; তাদের কেবল হরমোন থেরাপি দেওয়া হয়।

গবেষণার ফলাফলে দেখা যায়, কেমোথেরাপি না নেওয়া এই রোগীদের পাঁচ বছর পর বেঁচে থাকার হার ছিল ৯৩ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে কেমোথেরাপি গ্রহণকারী রোগীদের ক্ষেত্রে এ হার ছিল ৯৪ দশমিক ৯ শতাংশ। ফলে বিশেষজ্ঞরা মনে করছেন, অনেক ক্ষেত্রেই কেমোথেরাপির প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করা সম্ভব হবে।

সাধারণত স্তন ক্যানসারের প্রধান চিকিৎসা হলো অস্ত্রোপচারের মাধ্যমে টিউমার অপসারণ। পরে রোগ ফিরে আসার ঝুঁকি কমাতে কেমোথেরাপি দেওয়া হয়। তবে কেমোথেরাপির কারণে ক্লান্তি, বমি ভাব, চুল পড়া, রোগ প্রতিরোধক্ষমতা কমে যাওয়া এবং প্রজননজনিত সমস্যার মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

গবেষণার ফলাফলকে ‘চিকিৎসা পদ্ধতি বদলে দেওয়ার মতো’ বলে মন্তব্য করেছেন ক্যানসার বিশেষজ্ঞ অধ্যাপক ডেভিড মাইলস। তাঁর মতে, নতুন পরীক্ষার মাধ্যমে চিকিৎসকেরা আত্মবিশ্বাসের সঙ্গে নির্ধারণ করতে পারবেন কোন রোগীরা কেমোথেরাপি থেকে কোনো উপকার পাবেন না।

২০২২ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে কেমোথেরাপি নেওয়া তানিয়া হাটসন বলেন, নতুন এই পরীক্ষা অসাধারণ এবং এটি অসংখ্য রোগীর জন্য গেম চেঞ্জার হয়ে উঠতে পারে।

গবেষণার ফলাফল যুক্তরাষ্ট্রের শিকাগোতে অনুষ্ঠিত আমেরিকান সোসাইটি অব ক্লিনিক্যাল অনকোলজির (এএসসিও) বার্ষিক সম্মেলনে উপস্থাপন করা হবে। তবে ৪০ বছরের কম বয়সী রোগীদের ক্ষেত্রেও একই ফল প্রযোজ্য কি না, তা জানতে আরও কয়েক বছর গবেষণা প্রয়োজন হবে বলে জানিয়েছেন গবেষকেরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়