শিরোনাম
◈ যে কারণে মেজাজ হারালেন পরীমনি, যা ঘটেছিল আদালত চত্বরে (ভিডিও) ◈ জাতীয় সংসদের ৮ম অধিবেশন উপলক্ষে ঢাকার যেসব এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করল ডিএমপি ◈ নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক স্বাধীনতায় সমান সুযোগ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের ◈ মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ভারত থেকে শেখ হাসিনাকে ফেরাতে হবে বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ তারেক রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাহিদ ইসলামকে আইনি নোটিশ; জবাব দিতে ১০ দিনের সময় ◈ ২০২৭ সালে ঈদুল ফিতরে ৫ দিন, ঈদুল আজহায় ৬ দিনের সরকারি ছুটি ঘোষণা ◈ বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধানে মার্কিন কোম্পানিগুলোকে আহ্বান স্পিকারের ◈ দিল্লিতে তিনতলা ভবন ধসে নিহত ২, ধ্বংসস্তূপে আটকে থাকার আশঙ্কা বহুজনের ◈ এইচএসসি পরীক্ষায় এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের বিশেষ পরীক্ষা ২ ও ৩ ডিসেম্বর, ফল ২৩ ডিসেম্বর

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ০৩:০৭ দুপুর
আপডেট : ০৫ নভেম্বর, ২০২৬, ০৩:০৭ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দেশের প্রথম এআই নির্মিত ওয়েব সিরিজ ‘উমর’ মুক্তি, প্রতি বৃহস্পতিবার নতুন পর্ব

মনিরুল ইসলাম : বাংলাদেশের ডিজিটাল কনটেন্ট ইন্ডাস্ট্রিতে যুক্ত হলো নতুন এক অধ্যায়। দেশের প্রথম সম্পূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ওয়েব সিরিজ ‘উমর—দ্য রাইজ অব আ লিডার’ (Umar – The Rise of a Leader) আনুষ্ঠানিকভাবে মুক্তি পেয়েছে। ঐতিহাসিক ড্রামা ঘরানার এই সিরিজের প্রথম পর্ব বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় দর্শকদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

সংশ্লিষ্টদের দাবি, সম্পূর্ণ এআই প্রযুক্তির সহায়তায় নির্মিত এই ওয়েব সিরিজ দেশের অডিওভিজ্যুয়াল কনটেন্ট নির্মাণে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। প্রচলিত চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি জেনারেটিভ এআই ব্যবহার করে কীভাবে একটি পূর্ণাঙ্গ গল্পকে পর্দায় তুলে ধরা যায়, ‘উমর’ সেই প্রচেষ্টারই একটি উল্লেখযোগ্য উদাহরণ।

সিরিজটি প্রযোজনা করেছে ‘সি প্লে’ (C Play)। আর এর কারিগরি এআই প্রোডাকশনের দায়িত্বে ছিল ‘ইনফ্রিকুয়েন্ট ক্রিয়েশন’।

নির্মাণে নেতৃত্বে আকতারুল আলম তিনু

Advertisement

সিরিজটির সামগ্রিক রচনা, পরিকল্পনা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও প্রধান সম্পাদনার দায়িত্ব পালন করেছেন আকতারুল আলম তিনু। প্রধান সহকারী ও সম্পাদনা সহযোগী হিসেবে কাজ করেছেন রিয়াদ হাসান রাফি। সম্পাদনা সহযোগী হিসেবে যুক্ত ছিলেন নিশাত হাসান হিমুল।

এ ছাড়া সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ের দায়িত্বে ছিলেন নাফিজুল হাসান এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বেলায়েত হোসেন বাবু।

সিরিজের মূল চরিত্রের রেফারেন্স আর্টিস্ট হিসেবে কাজ করেছেন পরিচালক নিজেই। অন্যদিকে, বিশেষ একটি চরিত্রের রেফারেন্স আর্টিস্ট হিসেবে যুক্ত হয়েছেন সাংবাদিক ও অভিনেতা আহমেদ সাব্বির রোমিও।

নির্মাণে ব্যবহৃত হয়েছে একাধিক অত্যাধুনিক এআই প্রযুক্তি

বিশ্বমানের সিনেমাটিক ভিজ্যুয়াল, চরিত্রের ধারাবাহিকতা এবং গল্পের উপস্থাপন নিশ্চিত করতে সিরিজটিতে ব্যবহার করা হয়েছে একাধিক জেনারেটিভ এআই টুল।

কাহিনি ও সংলাপ উন্নয়নে সহায়তা নেওয়া হয়েছে ক্লড (Claude) ও জেমিনি (Gemini)-এর মতো এআই চ্যাটবটের। চরিত্র ও প্লট তৈরির কাজে ব্যবহার করা হয়েছে ডাল-ই (DALL·E), চ্যাটজিপিটি ৬ (ChatGPT 6) এবং মিউজ (Muse)।

ভিডিও তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে সিড্যান্স ২.৫ (Seedance 2.5), ক্লিং ৪ (Kling 4), গুগল ফ্লো (Google Flow) ও মিউজ (Muse)। পাশাপাশি আবহসংগীত ও সুর সংযোজনের কাজে ব্যবহার করা হয়েছে সুনো (Suno) এবং ফ্লো মিউজিক (Flow Music)।

এআইয়ের মাধ্যমে তৈরি ফুটেজগুলো পরবর্তী সময়ে অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে সম্পাদনা করা হয়েছে। আর মোশন গ্রাফিক্স ও টাইটেল অ্যানিমেশনের কাজ সম্পন্ন হয়েছে অ্যাডোবি আফটার ইফেক্টসের মাধ্যমে।

প্রতি বৃহস্পতিবার নতুন পর্ব

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রথম পর্ব প্রকাশের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘উমর’ ওয়েব সিরিজের যাত্রা। দর্শকেরা প্রতি বৃহস্পতিবার একই সময়ে সিরিজটির নতুন পর্ব দেখতে পারবেন।

‘সি প্লে’র (C Play) অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশ করা হবে পরবর্তী পর্বগুলো।

এআই নির্মাণে নতুন সম্ভাবনা

বিশ্বজুড়েই চলচ্চিত্র ও বিনোদনশিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। চিত্রনাট্য তৈরি, চরিত্রের নকশা, দৃশ্য নির্মাণ, ভিডিও তৈরি থেকে শুরু করে আবহসংগীত তৈরিতেও যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি।

বাংলাদেশে সম্পূর্ণ এআই প্রযুক্তিনির্ভর ওয়েব সিরিজ নির্মাণের এই উদ্যোগ স্থানীয় কনটেন্ট নির্মাতাদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করতে পারে। একই সঙ্গে স্বল্প সময়ে ও বিকল্প প্রযুক্তিগত ব্যবস্থায় সৃজনশীল কাজের সুযোগ কতটা বিস্তৃত হতে পারে, তা নিয়েও তৈরি হয়েছে আগ্রহ।

সব মিলিয়ে ঐতিহাসিক গল্পের নাটকীয় উপস্থাপনা এবং আধুনিক এআই প্রযুক্তির সমন্বয়ে নির্মিত ‘উমর—দ্য রাইজ অব আ লিডার’ দেশের ডিজিটাল বিনোদন অঙ্গনে কতটা সাড়া ফেলতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

  • সর্বশেষ