মনিরুল ইসলাম : “আমার সংসার নেই… একা থাকাই বেশি ভালো”—এমন খোলামেলা বক্তব্য দিয়ে আলোচনায় এসেছেন একসময়কার জনপ্রিয় চিত্রনায়িকা নূতন। ব্যক্তিগত জীবন ও চলচ্চিত্র ক্যারিয়ার নিয়ে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান সময়ে অনেক সম্পর্ক টেকসই হয় না, তাই একা থাকাকেই তিনি বেশি স্বস্তিদায়ক মনে করেন।
নূতনের ভাষ্য, “একা থাকাই ভালো মেয়েদের। দুদিন পর সংসার ভেঙে যায়—এথেকে একাই ভালো। আমি তাই মনে করি।” ব্যক্তিগত অভিজ্ঞতা ও চারপাশের বাস্তবতা থেকেই তার এই উপলব্ধি এসেছে বলে জানান তিনি।
চলচ্চিত্র জীবন প্রসঙ্গে নূতন বলেন, আমি ওরা ১১ জন চলচ্চিত্রে অভিনয় করেছি। এটা আমার জীবনের একটি সেরা চলচ্চিত্র। মুক্তিযুদ্ধের ওপর সিনেমা। এছাড়া অনেক ভালো ভালো চলচ্চিত্রে কাজ করার সুযোগ পেয়েছি।
তবে কাজের স্বীকৃতি নিয়ে তার মধ্যে কিছুটা আক্ষেপ রয়েছে। তার কথায়, “আমি অনেক ভালো চলচ্চিত্রে কাজ করেছি। কেন যে আমাকে পুরস্কার দেয় না বলতে পারব না। নাম হয়তো থাকে, কিন্তু শেষমেষ আর দেওয়া হয় না।”
চলচ্চিত্রাঙ্গনে দীর্ঘদিন কাজ করেও প্রত্যাশিত মূল্যায়ন না পাওয়ার বিষয়টি তাকে কষ্ট দেয় বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী। তবু অভিনয়ের প্রতি ভালোবাসা থেকেই তিনি কাজ করে গেছেন বলে জানান।
নূতনের এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আলোচনার জন্ম দিয়েছে। কেউ তার বক্তব্যকে বাস্তব অভিজ্ঞতার প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি মাত্র।
সংসার ও সম্পর্ক নিয়ে ক্ষোভ থাকলেও, অভিনয়জীবনে নিজের অবস্থান ও অবদান নিয়ে নূতন যে আত্মবিশ্বাসী—তা তার বক্তব্যেই স্পষ্ট।