মনিরুল ইসলাম : জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরকে স্বাগত জানিয়ে বিশেষ সংগীত প্রস্তুত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ইউএসএ।
জাসাস নেতৃবৃন্দ জানান, এই সংগীতটি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা ও সমর্থনের প্রতীক হিসেবে নির্মিত হয়েছে। এতে দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং জাতীয়তাবাদী চেতনার প্রতিফলন ঘটানো হয়েছে।
সংগীতটির পরিকল্পনায় রয়েছেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হেলাল খান এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন। সার্বিক সহযোগিতায় ছিলেন যুক্তরাষ্ট্র জাসাসের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো. রহমান সায়েম ও সদস্য সচিব জাহাঙ্গীর শহীদ সারওয়ার্দী।
গানটির কথা লিখেছেন গীতিকার মিজানুর রহমান। এতে কণ্ঠ দিয়েছেন পিয়াল হাসান ও মৌসুমী ইকবাল।
জাসাস ইউএসএ’র পক্ষ থেকে সংগীতটির সঙ্গে সম্পৃক্ত সকল শিল্পী, কলাকুশলী ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সংগীতটি প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে এবং আন্তর্জাতিক পরিসরে দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ভূমিকা রাখবে।