শিক্ষা দিতে গিয়ে নিজেই যেন ফেঁসে গেলেন সালমান খান! ‘বিগ বস’র ঘরে এক প্রতিযোগীর অসুস্থতার অভিনয় নিয়ে আপত্তি তুলেছিলেন তিনি। কিন্তু পরের সপ্তাহের প্রচারচিত্রে সালমানকেই বুক চেপে যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়তে দেখা যায়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই দৃশ্য।
অনেকে প্রশ্ন তোলেন, সত্যিই কি হৃদরোগে আক্রান্ত হয়েছেন ভাইজান?
সন্তান জন্মের পর শারীরিক গঠন নিয়ে ক্রমাগত কটাক্ষের শিকার হচ্ছেন ক্যাটরিনা কাইফ। সম্প্রতি ‘বিগ বস’র মঞ্চে নাম না করেই প্রাক্তন অভিনেত্রীর পাশে দাঁড়িয়েছিলেন সালমান। তার সেই অবস্থানের প্রশংসাও করেছেন অনুরাগী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির অনেকেই। এর মধ্যেই ‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’র প্রচারচিত্র ঘিরে তৈরি হয় নতুন বিতর্ক।
প্রচারচিত্রে দেখা যায়, বুক চেপে ধরে যন্ত্রণায় কাতর হয়ে মাটিতে লুটিয়ে পড়ছেন সালমান। তাকে এমন অবস্থায় দেখে অনুষ্ঠানের প্রতিযোগীরাও উদ্বিগ্ন হয়ে পড়েন। দৃশ্যটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই অনেকে আতঙ্কিত হয়ে প্রশ্ন করতে শুরু করেন, সত্যিই কি হৃদরোগে আক্রান্ত হয়েছেন সালমান?
তবে কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হয়, পুরো ঘটনাটিই ছিল প্রচারচিত্রের অংশ। কিন্তু বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় এবার মুখ খুলতে হয় স্বয়ং সালমানকে।
নিজের স্বাস্থ্যের বিষয়ে আশ্বস্ত করে সালমান জানান, ঈশ্বরের কৃপায় তার স্বাস্থ্যের কোনো সমস্যা নেই। তবে প্রচারচিত্রটি যেভাবে সম্পাদনা করা হয়েছে, তাতে পুরো বিষয়টি অন্যরকম মনে হয়েছে।
সালমানের বক্তব্য, তিনি আসলে ‘বিগ বস’র প্রতিযোগী কাজি তৌকিরকে বোঝাতে চেয়েছিলেন যে অসুস্থতার অভিনয় করে অন্যদের উদ্বিগ্ন করা ঠিক নয়। অথচ প্রচারচিত্রে এমনভাবে দৃশ্যটি দেখানো হয়েছে, যেন কাজি যা করেছিলেন, সালমান নিজেই ঠিক সেটাই করছেন।
এজন্য প্রচারচিত্রের সম্পাদনা নিয়ে দুঃখ প্রকাশ করেন ভাইজান। এমনকি অনুষ্ঠানের প্রচারের ধরন নিয়ে তার আপত্তি থাকলেও, সংশ্লিষ্টদের হয়ে দর্শকদের কাছে ক্ষমা চান তিনি।
ঘটনার সূত্রপাত একটি খেলাকে কেন্দ্র করে। একটি কাজের পর কাজি তৌকির এমনভাবে ওষুধ চাইতে থাকেন যে, ঘরের অন্য সদস্যরা তার শারীরিক অবস্থা নিয়ে চিন্তিত হয়ে পড়েন। বিষয়টি দেখে ‘বিগ বস’ তাকে চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন।
কিন্তু চিকিৎসকের কাছে পৌঁছানোর পর বদলে যায় পুরো চিত্র। কাজি জানান, তার আসলে কোনো শারীরিক সমস্যা হয়নি। তিনি খেলার অংশ হিসেবেই অসুস্থতার অভিনয় করেছিলেন।
কাজির দাবি ছিল, দর্শকদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যেই তিনি এমনটা করেছিলেন। কিন্তু বিষয়টি মোটেও ভালোভাবে নেননি সালমান।
তার বক্তব্য, একজনের অসুস্থতার অভিনয় দেখে ঘরের অন্য সদস্যরা সত্যিই চিন্তিত হয়ে পড়েছিলেন। বিশেষ করে তারা জানতেন না যে পুরো বিষয়টিই অভিনয়। ফলে এমন আচরণ অন্যদের মানসিকভাবে অস্বস্তিতে ফেলতে পারে।
এই কারণেই কাজিকে শিক্ষা দিতে চেয়েছিলেন সালমান। কিন্তু সেই শিক্ষা দিতে গিয়েই পরের প্রচারচিত্রে নিজের দৃশ্য ঘিরে তৈরি হলো নতুন বিভ্রান্তি। সালমানের বুক চেপে মাটিতে পড়ে যাওয়ার দৃশ্য দেখে অনুরাগীদের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক।
শেষ পর্যন্ত নিজেই সেই বিভ্রান্তির অবসান ঘটালেন ভাইজান। জানালেন, তিনি সুস্থ আছেন এবং প্রচারচিত্রটি যেভাবে সম্পাদনা করা হয়েছে, সেটিই মূলত বিভ্রান্তির কারণ।
সূত্র: জাগো নিউস ২৪