মনিরুল ইসলাম: কানাডার মাটিতে নির্মিত হতে যাচ্ছে নতুন বাংলাদেশি সিনেমা ‘ভায়োলেন্স’। এই সিনেমায় প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা অধরা খানকে। পাশাপাশি গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন চিত্রনায়িকা শিরিন আক্তার।
গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) কানাডার টরন্টোতে জমকালো আয়োজনে সিনেমাটির শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। নির্মাতা কামাল হোসেন বাবরের পরিচালনায় নির্মিতব্য সিনেমাটির পুরো শুটিং কানাডার বিভিন্ন লোকেশনে হবে বলে জানা গেছে।
নির্মাতা সূত্রে জানা যায়, আন্তর্জাতিক প্রেক্ষাপটে বাংলাদেশি চলচ্চিত্রকে নতুনভাবে উপস্থাপনের লক্ষ্যেই ‘ভায়োলেন্স’ নির্মাণ করা হচ্ছে। বিশেষ করে উত্তর আমেরিকার দর্শকদের কথা মাথায় রেখে সিনেমাটির গল্প ও নির্মাণশৈলীতে আধুনিকতার ছোঁয়া রাখা হচ্ছে।
এর আগে আন্তর্জাতিক অঙ্গনে কাজের অভিজ্ঞতা রয়েছে জায়েদ খান ও অধরা খানের। তবে এবারই প্রথমবারের মতো তারা জুটি হয়ে পূর্ণাঙ্গ একটি চলচ্চিত্রে অভিনয় করছেন। এ কারণে সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যেও বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
২০১৮ সালে চলচ্চিত্রে অভিষেকের পর বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন অধরা খান। নতুন এই প্রজেক্টকে নিজের ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ একটি সুযোগ হিসেবে দেখছেন তিনি।
পরিচালক কামাল হোসেন বাবর বলেন, “গল্প, অ্যাকশন ও আন্তর্জাতিক মানের নির্মাণ—সবকিছু মিলিয়ে ‘ভায়োলেন্স’ হবে ভিন্নধর্মী একটি সিনেমা। আমরা চাই, এই ছবির মাধ্যমে দেশের বাইরে বাংলাদেশি চলচ্চিত্রের নতুন বাজার তৈরি হোক।”