জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের এক শিক্ষকের কক্ষ থেকে সাড়ে পাঁচ ফুট লম্বা একটি দাঁড়াশ সাপ উদ্ধার করেছেন বিশ্ববিদ্যালয়ের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সৈয়দা অনন্যা ফারিয়া।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টার দিকে অধ্যাপক ড. সাজেদুর রহমানের কক্ষে সাপটি দেখতে পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করেন অনন্যা।
সৈয়দা অনন্যা ফারিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী। পাশাপাশি তিনি ‘ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন’-এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাপ ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতনতা তৈরির পাশাপাশি বিপদে পড়া সাপ উদ্ধারের কাজেও তিনি যুক্ত রয়েছেন। এছাড়াও সৈয়দা অনন্যা ফারিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য।
অনন্যা ফারিয়া কালবেলাকে বলেন, বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামসুল আলম ফোন করে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. সাজেদুর রহমানের কক্ষে সাপ থাকার বিষয়টি জানান। খবর পাওয়ার পর দ্রুত সেখানে গিয়ে সাপটি উদ্ধার করি।
তিনি আরও বলেন, উদ্ধার করা সাপটি প্রায় সাড়ে পাঁচ ফুট লম্বা এবং এটি নির্বিষ দাঁড়াশ। সাপটি উদ্ধারের পর নিরাপদে রাখা হয়েছে। শিগগিরই এটিকে বিশ্ববিদ্যালয়ের উপযুক্ত প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।
অনন্যা বলেন, আমি আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী হলেও ২০১৮ সাল থেকে বাংলাদেশের প্রথম নারী সাপ উদ্ধারকর্মী হিসেবে কাজ করি। ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের মাধ্যমে সাপসহ বিভিন্ন বন্যপ্রাণী নিয়ে কাজ করছি।
সূত্র: কালবেলা