মনিরুল ইসলাম : রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় অবস্থিত এইচ আর মেমোরিয়াল ডিগ্রি কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব (এমপি)।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি জবাবদিহিতামূলক সরকার এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারকে সর্বদা জবাবদিহিতার মধ্য থেকেই কাজ করতে হবে। তিনি আরও বলেন, দেশের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে সরকারের প্রতিটি সিদ্ধান্তে জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এ সময় প্রতিমন্ত্রী রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দলের নাম ব্যবহার করে কেউ কোনো ধরনের অপকর্ম বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।
উল্লেখ্য, ১৯৯৬ সালে গোড়ান এলাকায় ‘শান্তিপুর কলেজ’ নামে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরবর্তীতে নাম পরিবর্তন করে খিলগাঁওয়ের তিলপাপাড়ায় ‘এইচ আর মেমোরিয়াল ডিগ্রি কলেজ’ নামে স্থায়ী ক্যাম্পাস স্থাপন করা হয়।
নতুন একাডেমিক ভবন চালুর ফলে কলেজের শিক্ষার্থীদের আবাসন ও শ্রেণিকক্ষ সংকট দূর হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি এতে শিক্ষার মানোন্নয়ন ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের গভর্নিং বডির সভাপতি, অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা, গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কলেজের উত্তরোত্তর সমৃদ্ধি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হয়।