বৈরী আবহাওয়ার কারণে গত ১৩ জুলাই এইচএসসির তিন বিষয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের বিশেষ পরীক্ষা আগামীকাল সোমবার (২৪ আগস্ট) অনুষ্ঠিত হবে।
সোমবার সকাল ১০টায় বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ কেন্দ্রে পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এই পরীক্ষা সবার জন্য নয়। ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পেরে পরে পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিজ নিজ কেন্দ্রে নিবন্ধন করা পরীক্ষার্থীরাই শুধু এতে অংশ নিতে পারবেন।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানুর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়।
পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যে কেন্দ্রে উপস্থিত হতে বলেছে শিক্ষা বোর্ড।
তিন বিষয়ের সব পরীক্ষার্থীর জন্য একটি কেন্দ্র রাজধানীর চকবাজার বকশিবাজারের বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।
অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের অধীন অন্য জেলার পরীক্ষার্থী হলেও নিবন্ধিত পরীক্ষার্থীদের এই কেন্দ্রেই এসে পরীক্ষা দিতে হবে।
ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু জানিয়েছেন, বোর্ডের অধীন ১৩টি জেলা থাকলেও এই পরীক্ষায় অংশ নিতে ২২ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এ কারণে একটি কেন্দ্রেই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।