ডেস্ক রিপোর্ট: সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের ব্যাংকগুলোয় ব্যক্তি শ্রেণীর কোটি টাকার বেশি বা মাল্টিমিলিয়নেয়ার হিসাবের সংখ্যা (অ্যাকাউন্ট) অস্বাভাবিক হারে বেড়েছে।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এ সরকার দায়িত্ব নেয়ার সময় ব্যাংকগুলোয় কোটি টাকার বেশি আমানত জমা থাকা ব্যক্তিগত হিসাব সংখ্যা ছিল ৩৩ হাজারের ঘরে। কিন্তু মাত্র দেড় বছর পর এমন অ্যাকাউন্টের সংখ্যা সাড়ে ৪০ হাজার ছাড়িয়ে যায়। সে হিসাবে সাবেক অন্তর্বর্তী সরকারের অল্প সময়ের শাসনামলে দেশে মাল্টিমিলিয়নেয়ার ব্যাংক হিসাব সাত হাজারের বেশি বেড়েছে। অর্থাৎ এমন ব্যাংক হিসাবের সংখ্যা বৃদ্ধির হার ২১ শতাংশ। বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে।
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর ৮ আগস্ট দায়িত্ব নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার মাধ্যমে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হয়। কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশ করা ‘ব্যাংকিং সেক্টর আপডেট’ শীর্ষক প্রতিবেদনের তথ্য বলছে, ২০২৪ সালের সেপ্টেম্বরে দেশের ব্যাংকগুলোতে ১ কোটি বা তার বেশি পরিমাণ টাকা জমা থাকা ব্যক্তি শ্রেণীর হিসাব সংখ্যা ছিল ৩৩ হাজার ৬২৯। কিন্তু মাত্র দেড় বছর পর চলতি বছরের মার্চে এসে এ ধরনের হিসাব সংখ্যা ৪০ হাজার ৬৪৫-এ উন্নীত হয়।
আর্থিক খাতসংশ্লিষ্টরা বলছেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসনামলে গড়ে ওঠা অলিগার্ক, লুটেরা ও রাজনৈতিক দুর্বৃত্তরা দেশ থেকে পালিয়ে যায়। অন্যদিকে অন্তর্বর্তী সরকারের দেড় বছরের শাসনামলে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে ছিল চোখে পড়ার মতো স্থবিরতা। উচ্চ মূল্যস্ফীতি ও মন্দার প্রভাবে এ সময়ে দেশে দারিদ্র্যের হারও বেড়েছে। তার পরও মাত্র দেড় বছরে কোটি টাকার বেশি থাকা ব্যক্তি শ্রেণীর ব্যাংক হিসাব এক-পঞ্চমাংশ বেড়ে যাওয়া অর্থনীতির নিয়মের পরিপ্রেক্ষিতে অস্বাভাবিক ঘটনা। সূত্র, বণিকবার্তা