শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৬, ০৯:৫৩ সকাল
আপডেট : ১৯ আগস্ট, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টানা বৃষ্টিতে অস্থির বাজার : বেড়েছে সবজি, চাল ও মুরগির দাম

দেশে বিভিন্ন জায়গায় টানা বৃষ্টির কারণে সরবরাহ ঘাটতিতে রাজধানীর সবজি বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। কোনো কোনো সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। কাঁচামরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি। এছাড়া, সপ্তাহের ব্যবধানে চাল ও ব্রয়লার মুরগির দামও ঊর্ধ্বমুখী। তবে ডিমের দাম কিছুটা কমেছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজার, শান্তিনগর ও তুরাগ এলাকার নতুনবাজারে খোঁজ নিয়ে বিভিন্ন পণ্যের দামের এ চিত্র পাওয়া যায়। এদিকে হঠাত্ করে সবজিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ। ব্যবসায়ীরা বলেছেন, বৈরী আবহাওয়ার কারণে ঢাকার বাইরে থেকে সবজিবাহী ট্রাক আসতে দেরি হচ্ছে। আবার চাহিদার তুলনায় পণ্য কম আসছে। এছাড়া, টানা বৃষ্টির কারণে অনেক জায়গায় সবজি খেত নষ্ট হয়ে গেছে। এসব কারণে দাম বাড়তি। তবে সরবরাহ সমস্যার কারণে কোনো কোনো অসাধু ব্যবসায়ী একে সবজির দাম বাড়ানোর সুযোগ হিসেবে নিচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশও (টিসিবি) গতকাল তাদের বাজারদরের প্রতিবেদনে চাল, ব্রয়লার মুরগি, বেগুন ও কাঁচামরিচসহ কোনো কোনো পণ্যের দাম বাড়তির তথ্য তুলে ধরেছে।

গতকাল রাজধানীর বাজারগুলোতে বিভিন্ন ধরনের সবজির মধ্যে প্রতি কেজি বেগুন ৯০ থেকে ১২০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, পটল, ঢ্যাঁড়শ ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙা ৮০ থেকে ৯০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, শশা ১২০ থেকে ১৩০ টাকা, মূলা ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা গেছে। যা কয়েক দিন আগেও সবজিভেদে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমে বিক্রি হয়েছে। এছাড়া, এক সপ্তাহ আগেও যে লাউ বিক্রি হয়েছে ৬০ টাকা, তা এখন ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। এক সপ্তাহ আগে প্রতি কেজি কাঁচামরিচ ৮০ থেকে ১৪০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ১৬০ থেকে ১৮০ টাকায় পৌঁছেছে। তবে পেঁপের দাম তুলনামূলক কম আছে। প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়। কাওরান বাজারের সবজি বিক্রেতা মো. মাসুদ মোল্লা বলেন, বৃষ্টির কারণে রাজধানীর বাজারে সবজির সরবরাহ কমেছে। এছাড়া, দেশের অনেক জায়গায় সবজি খেতও নষ্ট হয়ে গেছে। এসব কারণে সবজি, কাঁচামরিচের দাম বাড়তি। তিনি বলেন, টানা কয়েক দিন আবহাওয়া ভালো হলেই দাম কমে আসবে।

গতকাল এই বাজারে বাজার করতে আসা রফিকুল ইসলাম বলেন, ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টির কারণে সবজির দাম বেড়েছে, কিন্তু তাই বলে এতো বেশি। আসলে অনেকেই সুযোগ বুঝে দাম বেশি বাড়িয়েছে।

Advertisement

দাম বেড়েছে দেশি রসুনের। এক সপ্তাহ আগে প্রতি কেজি ৯০ থেকে ১৪০ টাকা থাকলেও বর্তমানে তা ১০০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পেঁয়াজের দাম কমেছে। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ৫ টাকা কমে তা ৩৫ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এদিকে সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে সরু ও মোটা দুই ধরনের চালের দামই বেড়েছে। সরু চাল (নাজির/মিনিকেট)-এর সর্বনিম্ন দাম ৭০ টাকা থেকে বেড়ে ৭২ টাকায় উঠেছে। বর্তমানে এ চাল প্রতি কেজি ৭২ থেকে ৮৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, মোটা চাল (স্বর্ণা/চায়না ইরি)-এর সর্বনিম্ন দাম ৪৮ টাকা থেকে বেড়ে ৫০ টাকায় দাঁড়িয়েছে। বর্তমানে প্রতি কেজি মোটা চাল ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। তবে মাঝারিমানের চাল পাইজাম/লতার দাম বাড়েনি। প্রতি কেজি পাইজাম/লতা বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৬৮ টাকার মধ্যে।

বাজারে ব্রয়লার মুরগির দাম বেড়েছে। স্বল্প আয়ের মানুষের প্রোটিনের বড় উত্স ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। অন্যদিকে, সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩২০ থেকে ৩৫০ টাকা । বৃষ্টির কারণে খামারিরা মুরগি ঠিকমতো সরবরাহ করতে না পাড়ায় মুরগির দাম বেড়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে মুরগির দাম বাড়লেও ডিমের দাম কমেছে। ফার্মের বাদামি রংয়ের প্রতি হালি ডিমের ৫ টাকা কমে তা ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

সূত্র: ইত্তেফাক 

  • সর্বশেষ